সমুদ্রমন্থনের সময় আকাশের কিছু প্রাপ্তি হয়েছিলো
কিনা কেউ লিখে রাখেনি লিখে রাখেনি সেদিনের আকাশে
উড়তে থাকা পাখির শরীরে গরল কিংবা অমৃত কোন
বাতাস ছুঁয়েছিলো,
ঈশ্বর ব্যাস্ত ছিলেন নিজের অমরত্ব অক্ষত রাখায়
শয়তান ব্যাস্ত ছিলো অধিপত্য অক্ষত রাখায়,
পাখির আকাশের খবর কেউ রাখেনি,
সেদিনের আকাশে মেঘেদের ঠিকানায় কিছু স্মৃতি অমরত্ব
লাভ করেছিলো , পাখির পালকে ছুঁয়ে কালো অসুখ
শরীরে সিঁধ কেটে কলজেটা দখল করেছিলো
আকাশ যে খুব একটা পাখির অসুখ টের পেয়েছিল তেমনটা
নয় পাখিও টের পায়নি কখন যেন আকাশের বুকে ভাসতে থাকা মেঘেদের নীল রঙএ মিশে গেছে লোভী গরল,
ঈশ্বর অমরত্ব পেয়েছে নাকি শয়তান পেয়েছে অধিপত্যের
পৃথিবী!
পাখির পালক ছুঁয়ে জয় পরাজয় নিসৃত সময়ের কালসিটে
ছিলো চিরন্তন, আকাশের যন্ত্রনা আরো কিছুবা বেশি,
এ লেখা ঈশ্বর কিংবা শয়তান কাউকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্যে নয় এ লেখা শুধু জানানো হলো যে
স্বার্থের দুনিয়ায় পাখিটা কিংবা আকাশটা ঈশ্বর কিংবা শয়তান কারো হৃদয়ে ভালবাসাকে কিন্তু খুঁজে পায়নি।
#সই (না পাওয়া)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন