ভেঙে যাওয়া কাঁচের চুড়িতে এখনও কিছুটা অতীত সময় লেগে আছে ,
আকাশ হয়তো তেমন বর্ষণ দেয় না আজকাল ... টুপটাপ সকাল গুলোয় একটা পুরোনো মাটির গন্ধ কিন্তু এখনো তীব্র ।
কাঁচ জানলায় তাঁর অথৈ হয়ে যাওয়ার পরে উড়ে যাওয়া
বাষ্পের দাগ টুকু ফেলেই গেছে সে ,
দূরত্ব একটা বাহানা বলেই হয়তোবা ভেজা সকালে প্রথম আলোর ওমের মত ছুঁয়ে থাকতে পারো এই অভাবের দিনেও,
বাড়ন্ত চালের কৌটাতে লেগে থাকা অভাব আজ বহু কাল তবুও পারম্পরিক অলংকার করে স্মৃতির দেরাজে আগলে রাখি তোমায় ।
অনেকবার ভেবেছি একটা নাম দেবো তোমায় ..
একান্ত একটা নাম , থেকে যাওয়া দিনগুলোতে কাঁচ চুড়ি, বৃষ্টি আর নিজস্ব গন্ধ সে নাম ভাবার সময় দেয় নি
না থাকার দিন গুলোতে বড্ড বেশি করে তুমি লেগে আছো
তাই এই ভীষণ রকম থেকে যাওয়া প্রত্যুষে তোমায় ভোরাই বলেই ডাকতে ইচ্ছে হলো।
#সই (আদর)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন