রুখে দাঁড়ানো চিৎকার গুলো অসহায় হলেই
শব্দেরা কবিতার জন্ম দেয় ,
দৃঢ় প্রত্যয়ে আমি আগামীর মানচিত্রে বহুবার হেঁটে
এসেছি হাতের রেখা ধরে ,
পাথর ভাঙার মত হৃদয় ভাঙতে দেখেছি বহুবার ,
বাঁচার ফরিয়াদে পোশাক বদলাতে দেখেছি সাধু রুপি শয়তানকেও ।
একই মসনদে শুরু আর শেষের কবিতার সহবাসও এ দুনিয়ায় স্বাচ্ছন্দ্য ।
দেখেছি প্রতিটা স্বাধীনতা মানে একটা প্রচ্ছন্ন লোভকে উঁকি মারতে ।
দেখেছি বাঁচাতে চেয়ে বিষ কে অমৃত সম পান করতে ।
আজ আর কোনো দৃশ্য আমাকে তেমন করে অবাক করে না ....তা সে জন্ম হোক , মৃত্যু হোক,
শুরু হোক , শেষ হোক , ছলনার রঙে মুখোশ হোক, আর প্রেমের নামে প্রহসন হোক ।
বড্ড দয়া হয় সময়ের ওপর মহাকালের নাচনে নাচতে থাকা ওদেরকে দেখে , ওরা নিজেরাই নাচছে , ওরা নিজেরাই গাইছে , আবার নিজেরাই হাততালি দিচ্ছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন