শুক্রবার, ১৪ জুন, ২০২৪

কাঠ পুতুল

শুধু তোমারই জন্য এই পৃথিবীর থেকে আমি
মুখ ফিরিয়ে নিয়েছে ,
তোমারই জন্য আমার শব্দেরা বোবা হতে চেয়েছে ,
তোমার জন্যেই আমি অলীক শান্তির মত শীতল ,
তোমার জন্যেই উড়ন্ত হওয়ায় উড়িয়ে দিয়েছি সমস্ত স্বপ্ন 
তোমার জন্যেই ক্যানভাসের সমস্ত ছবি গুলো
নষ্ট করে ধুয়ে দিয়েছি তার বুক ...
তোমার জন্যেই ভয়ংকর আর সুন্দরের সঙ্গম 
সম্ভব হয়েছে একই সন্ধিক্ষণে।
তোমার জন্যেই আমার বুকে আতরের গন্ধ 
মিশে গেছে রক্তের গন্ধে ।
তোমার জন্যই আমার পাতাল তোরণে এক অন্য পৃথিবী 
রাখা ।
মাঝে মাঝে মনে হয় আজন্ম আমার অস্তিত্বের নিব বুঝি
তোমাকে দিয়েই শুরু 
মাঝে মাঝে মনে হয় তোমার পথে চলতে চলতে আমি আমাকে
হারিয়ে ফেলেছি সবটুকু ।
মাঝে মাঝে মনে হয় আমার ক্যানভাস রং তুলি সব আমাকে
হাতে দিয়ে তুমি তোমার মত ছবি আঁকিয়ে নাও 
আবার ইচ্ছে মত সে ছবি তুমি দায়িত্ব নিয়ে নষ্ট করো ,
আমি মানুষটা আদ্যোপান্ত তোমার কাঠ পুতুল ,
খেলা তোমার দান তোমার গুটি তোমার গল্প তোমার 
তোমার নির্দেশে আমি তোমারই হাতের দুটোর টানে
স্রেফ এক কাঠ পুতুল ।

©সই (কাঠ পুতুল)





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন