রবিবার, ২ জুন, ২০২৪

ইদানীং

তুমি ইদানিং রোজ কাছে আসো পুরোনো তুমির মত
করে , ভালো মন্দ খবর নাও ,শাসন করো , মাথায় হাতও 
রেখে বোলো আছি তো থাকবো,
আমি টের পাই তোমার মত দেখতে একটা অন্য মানুষের 
গন্ধ .... স্পষ্ট টের পাই বাতাসে আগের মত নেশা লাগা সৌরভ 
নয়  ... কৃত্রিম তার সমস্ত তীব্রতা,

তুমি আগের মতই বৃষ্টি হয়ে আদ্যোপান্ত ভিজিয়ে দিতেই
চাও  ....আমি আত্মিক স্নান করে উঠতে পারি কই !
খবরের থালায় পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে হাতপাখার
শীতলতায় তুমি আগের মতোই আমার মুখের দিকে তাকিয়ে
থাকো একটা প্রশান্তির ছবি আঁকবে বলে ...
 ক্ষিদে তৃষ্ণা থাকা  স্বত্ত্বেও   অভুক্ত 
আমি  পাশ ফিরে ঘুমিয়ে পড়ি রোজ রোজ ,
আগের মতই তোমার  আমার তরফের প্রশ্রয়ের দরজা 
কুলুপ বিহীন,
আগের মতই আদর গুলো ভিড় করে  আমায় নিখোঁজ করতে,
... আমিই  যে হারাতে ভুলে গেছি  ভুলে গেছি সে সমর্পণ এর আমিটাকে।

নিজের গন্ধ অনেক দিন অচেনা 
অভ্যেস গুলোও  বাস্তু হীন 
ঘর বাঁধায় বিশ্বাসী নয় ...।

 তোমার ঘরের ভেতরে রাখা আয়নায় নিজেকে
যখন দেখি এক অন্য আমি ... উহু নাকি আয়নাটাই 
আগের মত দেখতে হলেও আগেরটা নয় ,
তুমি পাশে এলেই আমার ভেতরের সেই আগের কাঁপুনি 
জ্বর এখন টের পাই না , তোমাকে জড়িয়ে ধরার সব
আর্তি গুলো কোথায় হারিয়ে ফেলেছি জানি না ,
অথচ সেবার তুমি চলে যাওয়ার পরে সবটুকু গুছিয়ে 
জড়ো করে আস্তিনে বেঁধেই তো রেখেছিলাম ....
নিজেকে কথা দিয়ে দিয়েছিলাম  তুমি গেছো যাও 
 নাই বা ফিরলে,
আমার যে তোমাকে ভালোবাসার জন্য তোমাকেও দরকার 
হবে না ,,
আজ যখন তুমি ফিরলে ....পাশে বসলে ....অনেক কিছু 
আগের মত কিংবা আগের থেকে যথেষ্ট বেশি রকম যত্ন 
আর ভালোবাসাময় করে সাজাতে চাইলে ....চাইছো...

 টের পেলাম আমার আগের আমিটা  সবটুকু স্রেফ হারিয়ে গেছে  ।

©সই (ইদানীং )












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন