দূরে চলে গেলে বুঝি ফিরে আসা যায় না ??
জানোই তো সম্পর্ক কে আগুন ছুঁয়ে গেলেই টেরাকোটা হয়ে যায় ,,
এর পর আবার তো সেই মাটিতে মিশে যাওয়া ...
আবার তো সেই মাটি ভিজিয়ে নতুন করে বীজ পুঁতে দেওয়া ,,
অথচ দেখো বুক খুলে দুজনেরই এখনো সাঁতারের দাগ লেগে আছে ......লেগে আছে ছোট ছোট অক্ষরে সাজানো উঠোন থেকে
কুড়িয়ে রাখা রোদ মাখানো স্মৃতির পালক।
এ জমিন তোমার আমার কোনদিনই ছিলো না ...আমরা কেউ এই পৃথিবীর নই কোনোকালেই ,,
কেনো বলো কেনো আগুনের কথা বলে কুয়াশার স্মৃতিকে বারংবার উস্কে দাও।
দূরে গেলে বুঝি আর ফিরে আসতে নেই ?
আমি তুমি দুজনেই জানি একবার বুকে জড়িয়ে নিলেই তো সমস্ত পাখিরা ডেকে উঠবে!
হাজারো কথার মাঝে মনের আসল কথা হারিয়ে যাবে বলেই, তুমি নিয়ম করে চিঠিতে লিখে পাঠাও সেসব বিষাদ।
আমরা একে অপরকে ছাড়া ভিনদেশি মাত্র ,
একা একা দিন ও রাত্রির রোজনামতা দাঁড়ি , কমা, সেমিকোলন, সাজাচ্ছি
ইচ্ছে হলে ছুঁতে পারি না অনুভূতি গুলো।
জড়িয়ে ধরতে পারি না অভিমান হলে তোমায় ।
বাইরে দেখো ..........
ঝরাপাতার দিন ফুরিয়েছে
পাখির সংসারে এখন নরম সন্ধে নেমেছে
আমদেরও যে এবার অহংকার আর কাদা মাখা জুতো বাইরে রেখে বাড়ি ফিরতে হবে .......আমাদের অপেক্ষায় আমাদের না হওয়ায় সংসার হৃদয় পুরের চিলেকোঠায় আজও আছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন