আর আমি তখন সময় থেকে অনেক..... দূরে পৃথিবী ছেড়ে গ্রহ বদলে নিচ্ছি নিজস্ব গতি বজায় রেখেই ,, কথা তো এটাই ছিলো তাই না !
অথচ তোমার ঠোঁটের আল বেয়ে আমার নাম নেমে আসে না কখনও,
তোমার সাজানো বসতে ভাঙা ফুলদানি এখন এই আমিটা , যা কিনা কখনো মঙ্গলময় নয় ,,
সংকল্পের সাজানো বৈভবে কেবল জলমগ্ন অন্ধতা আমি ,
আজ গ্রহ বদলের দিনে আমায় আর মনে নেই কোনো দৃশ্যেই ...কারণ অভিশাপের কথা বেশিদিন মনে রাখতে নেই ,
উপন্যাসের যাবতীয় হলদেটে পাণ্ডুলিপিতে এ শহরের ব্যস্ততা কোনো না কোনো সময়ের নিরিখে বৃষ্টি দিয়ে ধুয়ে ফেলবে সমস্ত অক্ষরদের ।
ধুয়ে ফেলবে আমি নামক সমস্ত চিহ্ন তোমার অযাচিত অধ্যায় থেকে ।
কিছুই চাওয়ার ছিলো না যদিও .. একটা মাথা রাখার বুক , আর হাত টুকু ধরে থাকা ছাড়া ,,
আসলে যোগ্যতা লাগে জানো ...., এই সামান্য টুকুর জন্যেও যোগ্যতা লাগে,, আর সেটা কোনোকালেই তোমাদের ওই শয়তান ঈশ্বর আমার চার ইঞ্চি ভিটেমাটিতে বরাদ্দ করেনি।
আজীবন হাতরে যাওয়া ছায়া .....যা কখনো বিনিময় প্রথায় কিনতে শিখিনি , তাই আমার অক্ষররা চিরকাল খুঁটে খাওয়ার দলেই থেকে গেছে।
তোমার সুখের পথে আমি আর কখনো দাঁড়াইনি যে দিন ... আমার সামনে প্রথম তুমি আমার সৎকার করেছিলে বাজারি আদপে সেদিন থেকেই। ।
তোমার কলমের উচ্চারণ আরো স্পষ্ট হোক এ শুভেচ্ছা তোমার প্রয়োজন নেই ,,
সমস্ত শুভেচ্ছার দায়িত্বে এখন তোমার বর্ণময় ভালোবাসা ।
আর হয়তো কিছু দিন.... তোমার স্ক্রিন সেভারে ব্লক খুলে আমার ছবির পাশে সাজানো রজনীগন্ধা
আর একটা খোলা দীর্ঘশ্বাস ছড়ানো অথচ সকল চাওয়া থেকে মুক্ত আকাশ ...তখনো তোমার একলা রাতজাগা ব্যালকনিতে কোনো না কোনো পোড়া সিগারেটে হৃদয় ঠিক পুড়ছে অথচ কেউ টের পাচ্ছে না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন