বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

পথ

 ক্রমশ এগিয়ে যাবে সময়

শিখর চূড়ায় দাঁড়াতে হবে একদিন

ভালো মন্দের বিচার  মন ও মস্তিষ্ক ছুঁতে পারবে না তখন। 


সূর্যের চলে যাওয়ায় রাত আসবে 

অন্ধকারে খোলস খুলে মন ফিরে যেতে  চাইবে

একান্ত নাভিশ্বাস সাক্ষী রেখে পুরোনো শৈশবের সকালে

খুঁজে ফিরতে চাইবে সময়ের হাত ধরে হাঁটা সেই চৌরাস্তায় হেসে ওঠা ছেলে বেলার অবয়বটা ,


সময়ের আগমনী গান আর

 বিসর্জন জন্ম নাভি বিন্দুতে জমানো থাকবে শেষ পর্যন্ত।

একটা বিন্দু ছুঁয়ে মানুষ জীবন প্রদক্ষিণ করে

যেখানে সবকিছু  আলগা হয়েও মুক্তির একটা নির্দিষ্ট তারিখেই লেখা থাকে,,

জীবনের আলনায় ঝোলানো হাজারো বায়নাবিলাসী ইচ্ছা পাট খোলা ভাঁজ ভাঙা থাকবেই।

মন বাড়ির বাইরে সাজানো বাগান ,সূর্যর সাত রঙ মেখে ফুলেরা আসে আবার মিলিয়ে যায়,

  মুহূর্ত পাহাড়ের উচ্চতা ছাপিয়ে লিখে রাখে দিনলিপি

 প্রতিটা ভেঙে যাওয়ায়  হাওয়ায় ভরি হয় 

প্রতিবার ইঁটের পিঠে ইঁট সাজিয়ে

ইমারত আকাশকে জানায় অস্তিত্বের ইমান ঠুনকো নয় । 

তাই তারিখের আগে  জীবনফর্মা শেষে হয় না কখনো।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন