জন্ম আর মৃত্যুর মাঝে দাবার সাজানো ছক,
খেলাটায় দু'পক্ষই এক কাঠামোয় অবয়ব পায়।
কিছুটা শিখে নেওয়া কিছুটা বোঝাপড়া, কিছুটা তৃপ্তি, কিছুটা আফশোসে, বারংবার আবর্তিত গল্প।
দুই শব্দ জব্দের মাঝে জুড়ে দেওয়া সেতুর কাঠে সত্যি মিথ্যের পেরেক পুঁতে পাওয়া না পাওয়ার অদ্ভুত খেলায় দিন ভর সাজে নানান মঞ্চে নানান ভুমিকায়।
মরসুমি সিঁড়ি ভেঙে পাতা ঝরে, বসন্তর বয়স বেড়ে
রঙ বদলায় কখনো ফিকে কখনো গাঢ়,
আবিষ্কারে আলো পায় হাজারো ছায়াপথ রেখাপথ,,
পায়ে পায়ে সফর ফুরোয় আঁতুড়ঘর থেকে দুরত্বের বুননে কাঁধের ঝুলি ভারি হয়...
সংসারের ক্যানভাসে আঁকা সূর্য পূব থেকে মাথার ওপর আর তারপর অস্ত হয় ক্যালেন্ডারের কোনো একটা সংখ্যার ভেতর ...,
আগন্তুক ফিরে যায় মহাকালের কোলে, আবর্তিত সময় এসে দাঁড়ায় নতুন ঠিকানায় নতুন দরজার চৌকাঠে পুরোনো আবর্তিত অভ্যেসে।
সময় রাজা সাজে, সময়ই সাজে ভিখারি ,
সময় গড়ে নেয়, সময় করে ভাংচুর , সময় নিজেই নিজের গল্পের লেখকের ভুমিকায় অবিনশ্বর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন