মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

মৃত্যু ২

ক্ষতর যন্ত্রনা গুলো একসময়  গলায় পরে
থাকা মাদুলীর মত অভ্যেসে মিশে যায় ভালো
মন্দ সব যেনো স্পর্শ হীন ,
ভালবাসার ঘরের দেওয়ালে প্রিয় মুহুর্তের ছবি গুলো
ফুঁপিয়ে কাঁদে অথচ ধুলো সরিয়ে নতুন ভাবে স্পষ্ট হতে
চায় না ,
আগের মতই গ্রীষ্মের দুপুরে ছাদ জুড়ে মেঘ তারপর তুমুল
মিঠে বৃষ্টি ...অথচ ভালোবেসে ভিজতে মন চায় কই !
ফেরী ঘাট শেষ ট্রেন সব আগের মতোই থাকে অপেক্ষা না
থাকলে শহরে এসব কিছুই কেমন বেমানান তাই না !

মরসুম এর হাত বদলে জোয়ার ভাটায় সংসার
ভাঙ্গে হয়তোবা জুড়েও যায় ভাঙ্গা ঘর 
মন যেনো অকারণে কথা ফুরিয়ে যাওয়া নীরবতায়
হারিয়ে যায় , ভেতরের কথোপকথন থেকে ঝগড়া সব
বেঁচে থাকে  যেন কফিনের ভেতরে মাটি চাপা পরে যাওয়া
বেঁচে থাকার  মতোই,,
 ... নালিশ, অভিযোগ, আবদার, আদর, ঝগড়া, অভিমান থেমে গেলে যে মৃত্যু হয়েছে মেনেই নিতে হয় তাই না 
আসলে সবটুকুই তো স্পর্শ আর সে স্পর্শ না থাকলে আর বাকি কি থাকে ।

© সই (মৃত্যু ২)






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন