বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

আলো নিভে গেলে


আলোর ভেতর চোখ ধাঁধিয়ে যাচ্ছে 
চার পাশে শুধু আলো আর আলো 
আলোর গায়ে কালো অক্ষর গুলো হারিয়ে যাচ্ছে 
আমার তোমায় নিয়ে শেষ লেখাটা কিছুতেই শেষ হচ্ছে না 
খানিকটা আলো নিভে যাওয়া দরকার  দরকার অন্ধকার ,
ভাবনার ছায়ায় দাঁড়িয়ে  তোমার সাম্রাজ্য ফুরিয়ে যাওয়ার উপসংহার
লেখা জরুরী,

অগোছালো সংসার ঘুচিয়ে দেবে বলেছিলো অমলতাস গাছটার নিচে দাঁড়িয়ে থাকা
যুবকটা  ...বলেছিলো হারানো সুখ , প্রত্যয়, যাকিছু আগলে রাখতে ইচ্ছে হয়
অথচ হাজারো যত্নের পরেও একদিন হারিয়ে যায় সেসব ভালোবাসাময়
ফিরে পাবে।
আমি বেলা ফুরিয়ে যাওয়া অন্ধকারের অপেক্ষায় বহুদিন 
বহুদিন মাঝ রাতের অন্ধকারে সেই তথাস্তু বলতে পারা যুবকটা
ঘুমোতে দেখতে চেয়েছি   দেখতে চেয়েছি তারা মুখে কোনো যন্ত্রনার অন্ধকার ছায়া ,
গভীর রাতের আকাশে তারাদের আলো যেনো অন্ধকারকে তাচ্ছিল্য করছে আমার অভিৎসা   তাই , সেই সৌম্য যুবকের সামনে দাঁড়িয়ে বলতে চাই একবার আলো নিভিয়ে
দাও  আমার বুকের ভেতর রাখা  শেষ শব্দ বন্ধনীর মুক্তি কেবল অন্ধকারেই
সম্ভব ,
আসলে ভালোবাসলে আলোতে আলোকিত হয়ে যায় ভেতর বাইরে আর অভাব
না থাকলে যন্ত্রনা না থাকলে তোমাকে লিখবো কি করে 
আলোতে যন্ত্রনা নেই অভাব নেই তাই তুমিও আমার ভেতর আর বাইরে নেই ।

©সই (আলো নিভে গেলে)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন