সোমবার, ১ এপ্রিল, ২০২৪

মানুষের ভেতর

মানুষের ভেতরে যে সংসার সাজানো থাকে তাতে
অসংখ্য চিলেকোঠা রাখা থাকে পাশাপাশি 
এক ঘরে মন থাকে সোহাগে আদরে, একঘরে
থাকে জোৎস্না মাখা রবির গানের সাথে রূপকথার প্রহর,
এক ঘরে হারানোর শোক সাদা কাপড়ে মুড়ে রাখা ,
আর এক ঘরে বাউল মন।,,
মনের ঘরে এক মানুষ নিজের কাছেই আজনবি 
উননে  ভেজা কাঠ গুঁজে সে ধোঁয়ায় কান্না লুকিয়ে
রাখা ভালো থাকার নাম ,
ঘরের ঘুলঘুলিতে চড়ুইয়ের সংসার আর সে সংসারে 
 আকাশ খুঁজতে চেয়ে বারংবার   আকাশের ঝড় ডানা ভেঙে দেয়।
এক সময় বয়সের কেতাবে বেলা শেষের কবিতা লেখার সময় এসে
দাঁড়ায় সমুখে .... পুরনো নতুন সব দেওয়াল লিখন ঘষা কাঁচের
এপারে আবছা হয়ে আসে  দ্রুত ফ্যাসব্যাক শহরের বিজ্ঞাপন বোর্ডে,
মুখ মুখোশ আপোষ আফসোস ভালবাসা মন্দবাসা অপেক্ষা
আকুতি  সব সব কেবল শ্বেত চন্দনে আঁকা কপালের জমিতে 
কফিন ঢাকা পরে যায় ।
তুমি আমি স্রেফ একটা ছোট্ট কাহিনীর মত ব্রহ্মাণ্ডে হারিয়ে যায়।

#সই ( মানুষের ভেতর)



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন