বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২

বৃষ্টি সংবাদ(২)

বৃষ্টি সংবাদ(২)
***********

১) ঝাপ্সা কুয়াশার আড়ালে তুমুল একটা বৃষ্টির  সংবাদ লুকিয়ে আছে তোমার বাড়ির ওপর আকাশের....আগাম সংকেত তোমায় জানিয়ে দিয়েছিলাম । 
 এখন বহুদিন  আমাদের গল্পটা আর এগোচ্ছে না  জেনেও 
রোজ রোজ  শীত মেঘেদের  স্মৃতি  আঁকড়ে ওই শব্দ মালাকরের  একমাত্র  রাত জাগা পাঠক আমি কেবল মাত্র,
চাতকের মতো জলের ফোটার দিকে
তৃষ্ণা জমিয়ে রেখেছি আমরণ .....কারণ আমি অভিশপ্ত  চিরাগ  এর জীন ,
হাজারো অভিমানী       স্পর্শে   নির্ঘুম রাত থেকে ভোর ভেঙে যায় আসে আরো একটা অপেক্ষার দীর্ঘ  দিন,..  জানি না........ জানি না, 

             ইচ্ছে করে রাত  পাখি  হয়ে চুরি করি ও পৃথিবীর নিশ্চিন্ত ঘুম 
তোমার ঘুমের কাছে  গুঁড়ো গুঁড়ো কূজন ছড়িয়ে
রাখি যাতে ঘুম বেয়ে পুরোনো বদ রক্ত গড়িয়ে নামুক পাথরের বুকে ।

চোখের ভিতর কী তীব্র দহন  কেউ বোঝে না 
কাউকে বোঝাতে মারাত্মক রক্ত ক্ষরণে ঝাপসা দৃশ্য আরো ঝাপ্সা হয়ে যায়,

 নদী পারে যত সভ্যতা সব একা একা নিদারুন ভাঙাগড়া  খেলায় মত্ত চিরকাল।
আমাদেরও নিজস্ব  ভোরের আজান ভেসে আসে নিঃশব্দে শব্দ হয়ে "sound of silent"
ভোরের আজানে  মন কাঁদে তুমি  শুনছো তো ...?

 জানি আজকাল তুমি অনেক কিছু শুনতে পাওনা ............
তোমার কানের ভেতর অবিরাম চলন্ত ট্রেনের হুইসেল আর লাইন বদলানোর আওয়াজে ব্যস্ত তুমি সারাটা সময় ।

 আমাদের ভোরের আজান একসাথে
শোনা আর কখনওই হবে না জানতাম , , 
একসাথে ভুলে যাওয়া কথাদের  পুনরায় মনে করায় কেবল টানেল জুড়ে বিস্মৃতির অন্ধকার যার দু পাশে আলো থাকলেও বুকের ভেতর চির অমাবস্যা ।

২) ঈশ্বরের সঙ্গে যার কোনো চাওয়া-পাওয়ার সম্পর্ক নেই, 
 আমি নাস্তিক এর দলেসেদিন থেকেই ।
 আমি শুধুই  আগুনের দিকে নিজের ডানা মেলে ধরি  ... 
বৃষ্টি জলের গভীরে ডুবে ডুবে পদ্মমঙ্গল লিখি...মগ্ন হয়ে ।

অলক্ষী আর নাস্তিক বলেই  তোমাকে এভাবে ভালোবাসতে পারি  এও কী খুব কিছু  কম বলো ?

 চুপ করে  ঘুম এসে পা ডুবিয়ে বসে থাকে আমার একান্ত দীঘির জলে  রাতভর ,

পাঁচিলের ফাটল থেকে  ভোরআলো   খিড়কির কাচে কান পাতে,  ভালো আছি কিনা খবরাখবর নেয় ।
 পাগলের মতো  হাসে দেওয়াল  আঁচড়ায় অজানা কিছু গোপন আর্তি নিয়ে আমি নাকি বাঁচতে ভালোবাসি!     
যে বিষণ্ণ রাতের   কোনো জাত হয় না   সেও তো আমারই মতো ভবঘুরে বিনিদ্র  কথোপকথন যেমনটা .......তুমি অন্ততঃ তাই বুঝে নিও শেষমেশ।
বাইরে বৃষ্টি  তোমার ভরসার বাড়ির ছাদে নিদারুন অধিকারে ছিদ্র করে ফেলে  হঠাৎ করে ।

আমি জলে ভেজা   ধ্রুপদি আঙ্গিকে নিজেকে বোঝাই শামুকের ভেতর এক খানা  ঘর বাঁধা যায় যত্ন করে ,, 
......তার পর জ্বলতে থাকি 
 নিভন্ত চাঁদের আগুনে,  তুমুল বৃষ্টি  সংবাদ 
থাকে আমাদের সমস্ত গল্পের ধারাবাহিকতায় ।

#সই 
#বৃষ্টি সংবাদ (২)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন