শনিবার, ১৮ জুলাই, ২০২০

তোমার জন্য

---------------------   
যেদিন তোমার মায়ের কথা মনে হয় আর 
তোমার মন ভীষণ রকম খরস্রোতা বন্যা আনে
আমি তোমায় জড়িয়ে থাকি পুরোনো মন্দিরের 
বটের ঝুরি হয়ে, 
যেদিন তোমার অভিমান হয় শতাব্দীর ক্ষয়িষ্ণু
সম্পর্কের দিকে তাকিয়ে আর  মুচড়ে ওঠে 
শব্দের হাওয়ায় বেদনা, সেদিন আমি তোমায় 
আগলাই প্রদীপ শিখায় হাত আড়াল করে, 
আবার যেদিন তোমার  শরীরে বয়ে যাওয়া
স্রোতে তীব্র পিতৃ স্নেহের অভাব হয় তুমি দিগন্তের
সীমানায় দাড়িয়ে হাহাকার জানাও ওই আকাশটাকে
আমি সেদিন তোমার মাথায় বিছিয়ে দিই ছায়ার ছোঁয়াখানি।
এমন  অনেক কারন খুঁজে    তুমি নিজেকে প্রায়শই ভাংচুর
করে ছড়িয়ে ছিটয়ে ফেল,  প্রতিবার আমি তোমার গভীরে
নামি খুব সন্তপর্ণে, দরজা   খুলি  আলগোছা হাতে তারপর
তোমার প্রতিটা টুকরো আমার আঁচলে  বিছিয়ে একে
একে নতুন করে সাজাতে থাকি রাতভর,  ভোরের আলো
ফোটার সাথে সাথে শব্দ জট খুলেফেলি, তুমি আবার 
নিজস্ব  পরিক্রমায় প্রস্তুত হও।  আমি তোমায় যুদ্ধবেশ
পরাতে পরাতে শেষমেশ হাতে অস্ত্র দিয়ে বলি এগিয়ে 
যাও আগামীর দিকে,  আবার যেদিন ক্লান্ত হবে আমায়
তুমি এমনি করেই  প্রতিবার পাবে।             

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন