------------------------
যুদ্ধ শেষে পরবর্তী কোনো শান্তি মিছিলে
দেখা হবে পাশাপাশি... যদি থাকি,
তাই আপাতত বেছে নিলাম স্মৃতি .... জানি
স্মৃতি শুধু বরফে জিইয়ে রাখা মৃত সময়
আজকাল নেই তেমন চালচুলো চাল বাড়ন্তের
দিনে মৃত সময় সেলাই করে যুদ্ধের পোশাক খানিক
মজবুত করে নিচ্ছি, জানি সবটাই মন ভোলানো ছড়ার
মত,
আসলে আমি আগে কখনো একসাথে এত মৃত্যু দেখিনি,
জানিনি অচেনা মানুষগুলো মরে গিয়ে এমন
নিকট আত্মীয় হতে পারে।
কখনো কখনো মনে হয় বাতাসের গতি বদলে
সময়কে যদি পিছনে ঠেলে নিয়ে যেতে পারতাম
কোনো পারিজাতের বাগানে, ঈশ্বর কি মুছে দিত
চলমান দৃশ্যের গা থেকে এই কালো দাগ, সাদা
ঘোড়া ছুটিয়ে দুহাতে সব্যসাচীর মত্ তরোয়ালের
ফালা ফালা করে বলতো এই আমি মৃত্যু কে হারিয়ে
যুদ্ধ জয় করলাম...... আমার এমন সম্মোহন ভেঙে
গেলে দেখি বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে এই পৃথিবী
সমস্ত গ্রহপুঞ্জ।
ইদানীং ভয় হয় ঘুমের পরে যদি আর কখনো জেগে না উঠি
যদি তোমার গত কবিতা আমার শেষ মুগ্ধতা হয়ে থেকে যায়....,
যদি পৃথিবীতে আর কোনো আগামি না থাকে আমাদের,,।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন