রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

ব্যাথার পৃথিবী

----------------------------
কাল  সন্ধ্যে বেলায় পৃথিবীর বুকে চিনচিনে
ব্যাথা তারপর ফুঁপিয়ে কান্না চোখ বেয়ে  বৃষ্টির
ধারা ভিজিয়ে দিয়েছে মন খারাপের মাটি
উত্তরের জানালায় তুমি যে ছুঁয়ে  জড়াচ্ছিলে
ভেজা হাওয়া হয়ে,  কড়ি ও কোমল পৃথিবীর মনকে
ভালো করতে পারেনি  মনে হচ্ছিলো এ কেমন 
বেঁচে থাকা এত দহনে  তুমি আমার  কাছে কি চাও
ছাই ছাড়া সব খেয়েছে ধ্বংসের আগুন। 
পৃথিবীর ভালো লাগে না  সাজানো নিয়মিত পাক
খাওয়া এই সংসার,  সিলিং এর ফ্যানে ঝুলন্ত নিজেকে
উপায় ভাবে   ,  মৃত্যু কে আসল প্রেমিক সে বরাবর মানে 
 এতটা  আশ্রয়  আর কেউ   নিষ্ঠার  সাথে দিতে পারে না
তার ধারনা।  
কিন্তু ওই.... মোহের ওপারে সেই অপেক্ষা ...  আর কত অপেক্ষা
আর কত যাপন,  আর কত ফুঁপিয়ে ওঠা কান্না দের
হাতা খুন্তির উপঢৌকনে আড়ালে সহবাস?  
পৃথিবী কলের জলে দেখতে পায় একটা  গোটা নদী 
তার ডুবতে ইচ্ছে করে  উত্তরের  অন্ধকার একফালি আকাশে  
সে মুক্তি দেখে ,   রবিশংকরের সেতারের  সুর তার বুক
বেয়ে গড়াতে  থাকে ধীর গতিতে,  কখন যেন বরফ হয়ে জমে যায়
শেষ রাতের কান্নারা,  ব্রম্ম মুহুর্ত খুঁজতে খুঁজতে রোজ ভোর দেখে
পৃথিবী ,  কিন্তু প্রার্থনা পৌছায় না কখনো গর্ভগৃহে.. 
পৃথিবী এবার থামতে চায় অন্য  আগলে  । 
পৃথিবীও একটা বুক খোঁজে ঘুম পাড়ানি গানে 
পৃথিবীর ও যে কান্না পায় মন খারাপের প্রহর জুড়ে।             

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন