----------------------------
তোমাকে ভালবাসি বলে আমায় ওরা ঢিল
নুড়ি পাথর ছুড়ে মারে,
তোমাকে ভালবাসি বলে ওরা আমায় এক ঘরে
করেছে,
তোমাকে ভালবাসি বলে ওরা আমায় তৃষ্ণার জল টুকু
থেকে বঞ্চিত করেছে,
তোমাকে ভালবাসি বলে আমার শরীরে ওরা
কালসিটে ফেলে নিজেদের পৃথিবীর মানচিত্র আঁকে,
তোমাকে ভালবাসি বলে ওরা একদল আমায় চৌরাস্তার মোড়ে
ন্যাংটো করে হাত পা বেঁধে ফেলে আসে,
তোমাকে ভালবাসি বলে ওদের আরো একদল আমার গোপনে
লোহার রড, জলন্ত সিগারেট দিয়ে সভ্যতার জেহাদ করে,
আমার মত যারা ভালবাসে তারা নাকি নষ্ট ... ওরা বলে
আমি নষ্ট করেছি সমাজ, নষ্ট করেছি নিয়ম,
তাই ওরা ওদের উত্তেজনা উজার করে বড় বড় যন্ত্রনা এঁকে দেয়
আমার ভেতর বাইরে জুড়ে, এ যেন ওদের সামাজিক
নৈতিক চিরন্তন দায়িত্ব আর অধিকার,, আমায় বোঝাতে থাকে সমাজের জন্যে মানুষ, আর নিয়ম মেনে কাঁটাতার মেনে ভালোবাসা,
ওরা বোঝাতে থাকে দেশ ভাগ, নদীর জল ভাগ, জাতপাতের ভাগ,
আরো কত কিছুর হিসেব আমায় বোঝায়.... আমার থেকে নেয় তারও বেশি কিছু হিসেব,
অথচ আমি ওদের বোঝাতে পারি না আমি সামান্য,
কোনো পরিচয় নেই বলার মতো... বোঝাতে পারি না জন্মাবধি আমার যে কিছু শেখা হয়নি তেমন,
না পুতুল খেলা, না তাসের ঘর বানানো, না রাজা
আর রাজনীতি, না কাঁটাতার, না তোমাদের
সাজানো সমাজ, না জাতপাতের বিচার,
আমি যে আজন্ম কেবল নিষ্ঠা ভরে তোমায়
ভালবাসতেই শুধু শিখেছি....
যেদিন আমার শরীরে সবটুকু রক্ত ওরা চুষে নেবে
তুমি জেনো ওরা ভালোবাসা শব্দটা কখনো শোনেনি
আমার শরীর, মাংস, চামড়ায় ওরা সীলমোহর লাগালেও
মনকে ওরা শেষমেশ দখলে অসফলই রয়ে গেছিলো,
তাই তুমি ওদের ক্ষমা করে দিও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন