বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

একই ঘরের বাসিন্দা



আমরা একই ঘরে থাকলেও তেমন আর কথা হয় না ,  
একে অপরের সাথে গোপনীয়তা বজায় 
রাখবো বলে ব্যস্ত থাকি  দিন প্রতিদিন ।
           একে অপরের  আঘাত করতে পারিনা 
কারণ ভাঙনের কথা জেনেও ভয় কাটিয়ে সাহসী হওয়া হয়না ,
            বুকের পাঁচিলে উঁকি দেওয়া ইচ্ছা গুলো সম্পূর্ণ মরে যাওয়ার আগে 
           পুরোনো বাড়িতে রাখা স্মৃতির মায়া ত্যাগ করতে পারে না ,
           প্রহরীবিহীন এ মন 
হামেশাই ঢুকে পড়ে স্মৃতির  সিঁধকাটা পথে 
দুচার টে শরিকি বিবাদের দল ছুট মেঘ হয়ে । 
তাদের ইঙ্গিতে বাজে  বিসর্জন সুর, 
***************************************

খেলনা বাটির সংসারে সব খাবারই গরম  তবু খিদের ভিতর  চাতক নেই ....বিছানা বালিশ 
অপেক্ষা করলেও  শুধু  ঘুম নেই বলে
দুঃখের কাছে বসে থাকে  সমস্ত প্রহরের আদি থেকে অন্তর সন্ধিক্ষনে এই মন ,

কে আমি নামক এই সারবস্তুটি, ভাবতে ভাবতে মাটি 
ভেদ করে উঠে আসে অতীতের বলিরেখারা ।
আঙুলে আঙুল মেপে রাস্তার পরিধি চিনেছি একদিন  চৈত্র মাসের সর্বনাশী প্রহরে
নিষেধের শিকল এক ঝটকায় খুলে রেখে মিথের শহর পৌছেছিলাম ,
****************************************

এক ফিরতি বেলায় দেখেছিল   পাগল বাউল,
সে বলেছিল মেয়ে এ সর্বনাশের খেলায়
হৃদয় পুরের  ঝিলে এ পোড়া মন একদিন ডুবে 
মরবে এই বলে রাখলুম......
*************************************

বারুদের স্তুপ হয়ে জেগে আছি  এখন।
বুকের তাপেই সব জ্বলে পুড়ে যেতে পারে নিমেষে।
তবু এ কবিতার নাম বরফের কবিতাই রাখা যাক আপাতত .....

 নিজেও জানিনা, কোন ক্ষয় স্রোতের  কাছে
নিজেকে বিকিয়ে রেখেছি  অকাতরে, কার ঘোরে
এখন শুধু গোপনে অভাব সঞ্চয় করে রাখি। 
বরফ দেহ মনের পরে  বলহরি খই উড়ে যায়
আমি অবাক হয়ে দেখি নিজের শব যাত্রার আয়োজন,
*******************************
আমি মিছিলের পথে একা যাত্রী 
এখন শুধুমাত্র  দ্বিধা আর বোধের পাশ দিয়ে বয়ে যাওয়া মৃত স্রোত  হারানো সময়.....
হাওয়ায় নিষেধ লিখে উড়িয়ে দিয়েছি ওদের  কোলাহল সভায় ,
চোখের নেশায় লাগে মৃত্যুর খিদে,  
জানি  আগুনে পুড়বে না এত জ্বালা।
এত ফুল আর মালা, মৃতপাহাড়ের কাব্য সমাজের 
কাজে লাগে।   
আর  কখনও বলবো না একটিও কথা ...
রাখবো না নালিশ , কিংবা অভিযোগ , শুধু চোখ মেলে দেখবো অবাকে,
কথায় কথারা বাড়ে, বিষের  ওজন হয় ভেরি 
সে কথা কে না জানে ,
********************************************
 
এখনো নুনের কাছে প্রেমিকের ঋণ এইটুকু...
ভালোবাসা মানে কোনো তৃতীয় বিশ্ব সে মনে করে ,
তাই প্রতি মরসুমের শেষে
একটা  ভালোবাসার  পাশে একটা লাশের ভার  লেগে থাকবেই দিনশেষে। 
খবর পাবে একদিন সে বা তার মত অনেকেই
আজও আমি তোমার প্রেমের পথে হাঁটি চটি জামা ছেড়ে , তার মত মিথ্যে ছলনার  মিছিলে  নয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন