সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

হৃদিয়া

কথারা  তলিয়ে যাচ্ছে,  দেখ রাজন মহাকালের
অন্তরালে  সাথে তলিয়ে যাচ্ছে নিঃশাস ...
সব  জেনেও হাত গুটিয়ে সাবধানী আর স্থির তোমার অবস্থান .....
একি তোমার সেই চির অহংকার যা তুমি পায়ের 
চিহ্নর সাথে সময়ের বুকে রেখে এসেছো আগেও  !

নদীর ভাঙা পাড়ের গল্প লেখা থাকে না 
যেখানে সম্পর্কের  শাখা সিঁদুর ভেঙে ধুঁয়ে ফেলা হয় , শুধু কিছু জল শ্রান্ত ভেঙে যাওয়া ডিঙি বুকে ধরে রাখে সময় ।
 
আজকাল ভালোবাসা জানাতে  একটা  সাঁকো লাগে  কারণ আয়না গুলো বিকিয়ে যায় সস্তা 
কেতাদুরস্তয় ,
তবু যে মন...... তাই হয়তো দু মুঠো শব্দ ছড়িয়ে পাখিদের জীবন ।
কাল  যা ছিল ,আজ তা মৃত ,কাল আবার আজ মৃত ,
তবু ক্ষয়ে যেতে যেতে শেষ বাঁচাটুকু হাতড়ে নেওয়া ,
তুমি বল আমি নাকি বিয়োগ ফলের দিকে আজকাল হাঁটি আসলে ... তুমি আলো দেখ এখন
 অন্য জানলায় , আমি কিন্তু বুকের মাঝে এক উঁচু জমিতেই তোমায় রেখেছি .....জানি না শুধু মনের ভেতর এত জল কোথা থেকে এল ,জানি না  তোমার নৌকার পালে কার হওয়া  লাগলো ,
আসলে বুঝতেও চাই না ....শুধু দেখি সম্পর্ক গুলো সব আসবাবপত্রর মত সীমানা ডুবে যাওয়ার পরে ধীরে ধীরে  সাঁতার শিখে অন্য পাড়ে উঠে পরে,

রাজন জান এ পৃথিবীতে জলে যত না দেহ ডুবে মরে তার থেকে বেশি মনে ডুবে মরে ....মরে অকেজো কথাদের বোঝা বয়ে , 
তবু বলি কোনোদিন জলের গভীরে রাখা কথাদের
জল থেকে তুলে রেখো , বাকিটা গোপন ডিঙিতে রাখা কাদা মাটি শ্যাওলায় রাখা কিছু সংগোপনে অঙ্গীকার যা জন্মাবার পর মুহূর্তে মরে যায় হাসতে হাসতে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন