মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭

প্রবালিকা

--------------------

প্রতিরাতে কিছু জমা থাকা অনুভুতি ছড়িয়ে যায়
তটরেখা বরাবর,,  জোয়ার এসে সময়কে টোকা মেরে
বলে যায়,, স্থায়িত্ব খুঁজোনা....  বেলাভূমিতে ঘর বাঁধলে
স্বপ্নেরা ভেসে যায়  আগলহিন স্রোতে।
মেঘেদের চোখে জল আসে...  ভেজা মাটি ধুঁয়ে যায়,
সমান্তরাল হেঁটে যাওয়া ওভারহেড তারে ফোঁটা ফোঁটা
কিছু জল খানিক পথ সংগি,  অনেকটা ভালোবাসা
মুহুর্তে বুনে ফেলা ইচ্ছার সামিয়ানা,,
তার পর নিয়ম মেনে ঝরে যাওয়া... যেন
জীবন কেবল  সময়ের ফোঁটা।
বুনে ফেলা স্বপ্নগুলো জড়োয়ার অলংকারের মত
বাক্সবন্দি,
ফুল গাছের টবে ঋতু ঘুরে যায়, সাবধানী বারান্দায়
নতুন কুঁড়িরা আসে,,
দূর কোনো স্টেশনে ছেড়ে যাওয়া ট্রেনের বাঁশীর
রেশটুকু নিয়ে সুখের ঘরে ঘুম আসে নিশ্চিন্তে,
নির্বান্ধ  রাতের বুক চিরে একটা জোনাকি আবার নি:সংগ
কোনো সমুদ্রনাবিক বরাবরের জন্য।
সময়ের প্রচ্ছদ থেকে চলে যায় সমস্তরকম ধারাবাহিক
স্রোতেরা,, ঈশ্বর বৃষ্টিছোঁয়ার দাগ কুড়িয়ে  অপাংক্তেয়
কাহিনীকার চিরদিনের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন