-----------------------------------
আজ কিছু বলার ছিলো না তোকে.... . এই অসম্ভব
শ্রাবন যেন আমার সব কথা আমার অনুমতি
না নিয়েই বলে চলেছে... টেবিলে মাথা দিয়ে
আমার আচ্ছন্নভাব আর মন খারাপের স্যাঁতস্যাঁতে
ঠান্ডায় আমি ভিজছি.... সারা শহরে জল থই
থই যেন, আমার সমস্ত বেদনা আমার আসবাব
ভাসিয়ে অন্য ঠিকানায় ঘর বদল,,
নিয়মমাফিক হাঁটছি হাঁটু ভিজিয়ে পায়ের নিচে আমার
যাপন, পিঠে আমারি আগলে রাখা দায়ভার,
আজ আর কিচ্ছুটি বলতে ইচ্ছে করছে না..
মুঠোফোন লেগে থাকা অভ্যাস যেন আমার ঘুমঘরের
শুকসারির গল্প বলা রুপকথা,
বাহানা এড়িয়ে তোর আঁচলের থেকে হাত সরিয়ে
একলা ভিজতে মন চাইছে..... এ আমার যে কি
হয় আমি বুঝিনা , মনে হয় তুই আছিস তবুও আমি
একলা ভীষণ, তোর গায়ে আমার ভেজা মন মুছে আমি
আবার একলা.. আসলে মানুষ বড় একলা। যেমন সব
কটা বৃষ্টি ফোঁটা নিজেরা ভীষণ একলা,
আমার মত তোর মত,, তাই কোন অনুমতি নেয় না ওরা
শুধু ঝরে যায় অসম্ভব অভিমানে।
আজ কাল এমন অনেক দিন কাল মাস তোকে
ছোঁয়া হয় না, স্বপ্নে ভর করে তুই আসিস আমার
অমানিশার আকাশে, নীল রঙা শাড়ীতে আমি
তেজপাতা রং জল আঁকি,, আর ঘুম ঘুম রাত
বুনি ইচ্ছা সুতোয়,
ধুস এতো যে কি ভাবি... এই পাগল মন
যত ভাবনা আসে অকারণ...।
আজ কিছু বলার ছিলোনা তোকে...
আমার আর্শিনগর আজ শ্রাবনে ভীষণ অভিমানে
ভিজছে সারাদিন।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন