-----------------------------------------
ফিনিক্স এর চোখে লেগে থাকা ইচ্ছারা নীল
শূন্যতা পেরিয়ে তোমার চোখের রঙ নীল করে দেয়।
নক্ষত্রের ধ্বংসস্তুপে ঘন দীর্ঘশ্বাসদের তুমি কবরিত
করে ফেল খুব সাবধানী হাতে,, অত:পর ছুঁয়ে থাকা
আদৃশ্য নিশানগুলো জমা করে অপেক্ষা করো উন্মাদ কিছু
বাতাসের,, যার বুকে শতাব্দীর ঝড়ে বারুদের গন্ধ।
আমার চিলেকোঠার একফালি বারান্দায় তখনো
চটকলের ভোঁ তিরতির করে কাঁপছে,, অফিসপাড়ায়
বিকেলে চায়ের বিরতি আর সিগারেটের ধোঁয়ায় প্রেমিকের
ছবি আঁকা তখনো কিছুটা আলসেমিতে গা এলিয়ে চলেছে।
সন্ধ্যের গায়ে লেগে থাকা আমার অভ্যেসে একটা প্রদীপের
আলো খোঁজা,,
তোমার অদৃশ্য নিশান আমার ঘরের দেওয়ালে ছবির মত
স্পষ্ট, আমি ছুঁয়ে দেখি যে সব নিশান তুমি বাতাসের
বিভাজিকায় পাঠিয়েছিলে.... একটা ইচ্ছামতির
ছবি একটা ঝিলের ধারে বাড়ি এক অগোছালো ছবিঘর
কোন এক শিল্পি মগ্ন হয়ে সময় এঁকে চলেছে, পাশের
বারান্দায় কবি লিখে চলেছেন নিরন্তর কোনো চলন্তিকার
অপ্রাকৃতিক উপকথা আর আকাশ জুড়ে মেঘমল্লার
জলসা......
নিজের মনে নিজে হাসি একি স্বপ্নে হেঁটে বেড়াচ্ছি কোন
পরীর রাজ্যে? তোমার চোখের নীল তখন আমার
রাতকে ঘন করে দেয়... একটু পরেই চতুর্দিকে
সশব্দে নীরব ভোরেরা ডানা মেলে উড়ে যায়,
ফিনিক্স তখন স্বর্গের বাগানে ভীষণ ঘুমে
আচ্ছন্ন।
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
শুক্রবার, ৭ জুলাই, ২০১৭
ইচ্ছামতি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন