বুধবার, ২৬ জুলাই, ২০১৭

স্বপ্নের পথে

চাল আলু ডাল এই তো সংসার,
আমি এর থেকে বেশি কিছু সংসার দেখিনি।
আমার স্বপ্নের ঘরে 'তুই' শব্দটা বড্ড মাত্রায়
সম্পৃক্ত,, তাই ভোরের আগে দেখি কোনো পিরামিডের
তীক্ষ্ণ চুঁড়ায় তুই আলো হয়ে সময় দেখছিস...
আমি কোনো দূরবীনের কিনারায় চোখ রেখেছি
তোর উদ্দেশ্যে,
উর্দ্ধশ্বাসে তোর দিকে আমার দুরত্বের মাইলস্টোন
পেছনে ফেলে এসে সব কটা পিরামিডচুড়া মাথা
উঁচু করে চাইতে থাকি সমস্ত তৃষ্ণা নিয়ে,,,
পাই না তোকে.... এক লহমায় ঝড় ওঠে মরুভূমি
জুড়ে, সেই ধুলিঝড়ের মাঝে তুই কোনো কঠিন
তপস্যায় আচ্ছন্ন  আর শতাব্দীর  প্রথম
সূর্য রশ্মি তোকে ছুঁয়ে অন্ধকারের বুকে
পথ আঁকছে।
আমার ডাক তোর আচ্ছন্নতার পাঁচিল পেরোতে
পারছে না.... আমি তোকে জাপটে কোলে তুলে
আমার সব কান্না দিয়ে ভিজিয়েছি,  সকাল বেলায়
আমার স্বপ্নেরা জানলায় কাঁচে শিশিরজল হয়ে
ঝরে গেছে।
সংসার মানে চাল ডাল আলুর বেশি আমার
কাছে কিছুই নয়। আমার বাইকের কয়েকটা
গিয়ার ওঠা নামায় সকল চাওয়া আর পাওয়ার
সিম্ফনি....
মাঝপথে হাওয়ার সাথে তোর কথা বলা
এইটুকু আর একটা দিন শেষ করি,, আয়ুরেখা
ধরে খানিকটা এগোনো,  এগোনো  খানিকটা
তোর দিকে,, এই ভাবে রোজ স্বপ্ন বুকে
করে আমি সময়ের কাছে জিতেছি জন্মাবধি।
আর আজ তোর কাছেই সীমারেখা টানতে চাই,,
আমার আর কিচ্ছুটি করার নেই, জানার নেই, পাওয়ার নেই
আমার সমস্ত চাওয়া পাওয়া জুড়ে আমার আলো আমার
ঈশ্বর, আমার স্বপ্ন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন