----------------------------------------------
শহর জুড়ে জং ধরা সম্পর্ক ভিজছে যাপনীয়
বৃষ্টিতে, শ্রাবণে গেছে অনেক ধারা
অবহেলায়.... স্তরে স্তরে আজ খয়েরী রঙা
অভিমান, ভালো থাকার জন্য মেঘলা শহরে
আকাশে মনখারাপের বেলুন উড়িয়ে..
আবার কবিতায় সুখী হতে চাওয়া।
এঁটো বাসনে পুরোনো ক্ষিদে লেগে থাকে সাথে
বাসি হয়ে যাওয়া বাঁচতে চাওয়ায় একটা রুটি,
যন্ত্রণা ঘুমিয়ে থাকুক আহত নদীর ঘোলা জলে,
সময়ের ঘুর্নিঝড় ডেকে যায় এসো.. আমাতে
মিশে যাও। বুড়ো ঘড়ির কাঁটা থেমে গেলেও সময়
দাঁড়াবে না,,
বার বার এ শহর হোঁচোট খেয়েও আগামী ছুঁয়ে
চলেছে... তুমি আমির সমীকরণে।
ভালো থাকার একশো এক উপায় রোজ
বিকিয়ে যায় লোকাল ট্রেনের কামরায়, যাত্রীরা
পুজোর ফুলের মত কপালে ছুঁইয়ে সেই ভালো থাকার
পাণ্ডুলিপি গুঁজে রাখে নোনাধরা দেওয়ালের ফাটলে।
এভাবেই সব শ্রাবনেরা আসে যায় বারংবার, উৎসব এর
বুকে লুকিয়ে থাকে অন্য কোনো উৎসব।
তুমি আমির সমীকরণ মেলাতে কোনো সুদিনের
অপেক্ষায় ট্রাম লাইন আঁকড়ে পড়ে আছে ভালোবাসা।
জং ধরা শহর প্রতিক্ষন ভিজে চলেছে যাপনীয় বৃষ্টিতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন