বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

বলবো না

খেলার চালে শেষ দান ফুরিয়ে গেছে , ...... কখনো কেনই বা বলবো হারলাম না জিতলাম !  সময়ের পাতায় পাতায় কৃষ্ণের পায়ের কাছে অর্জুন বসেছিল সে দিন থেকে আর মাথার কাছে দুর্যোধন। , 
রোদ্দুরের মত এ শহরে আমার একটা অহংকার রাখা আছে,  রাখা আছে অর্জুনের জিতে যাওয়া বিজয়ের ঘরে ফেরা অখন্ড জ্যোতি,
 ....রাখা আছে দুর্যোধনের হেরে যাওয়া নতমস্তক ,   তবুও আর কখনো ইজহার করবো না আসলে আমি দড়ির কোন টানে আছি ।
আর বলবই বা কেনো !...এ শহরে শেয়াল সন্ন্যাসী হয়ে আমার আনকোরা বিশ্বাসের মুখাগ্নি করেছে ,
সমস্ত নিষ্ঠার আয়নায় পাপের রক্ত ক্ষরণ এ শহর মুখ বুজে দেখেছে ।
হার জিতের শেষের দান ফুরিয়ে গেছে ...যেমন কোনো কাব্য একদিন শেষ হয়ে যায় ...।
যেমন পথ চলতে মানুষ হারিয়ে যায় আচমকা ...।
যেমন প্রশ্ন উত্তরের থেকে অনেক দূরে বুকের চিনচিনে না বলতে পারে যন্ত্রনা , 
যেমন বেঁচে থাকতে গেলে সুইচ অন , সুইচ অফ , শিখে ফেলা ।
আমি  ঘুমন্ত কৃষ্ণের বিছানার কোনদিকে অপেক্ষা করছি বলবো কেনো -- ।
জানলা খুললেই শুকোতে দেওয়া যন্ত্রনা দের আর আমি দেখতে দেবো না সময়কে ,
আমি ঈশ্বর বুঝি না... বুঝতে চাইওনি কখনো, হয়তো আগামীতেও চাইবো না   ,  , সময়ের কাঠগড়ায় আমাকে আর কেউ দাঁড় করাতে পারবে না ...,হার জিতের শেষ দান ফুরিয়ে গেছে ...
বিছিয়ে রাখা বহু মৃত্যুর বুকে  ঠিক কিসের বীজ  রাখলাম বলবো কেনো!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন