রোজ কিছু অসম যুদ্ধে ঠিকানা বদলে যায়,
এ শহরটা যতটা আমায় ভালোবাসে আমি ততটা পেরে উঠিনি এখনো।
,, আমার ভেতর আমার ছেড়ে আসা শহর, বন্দর, জেটিঘাট ,ট্রেনের কু ঝিকঝিক, বাড়ির পাশে সারি দিয়ে দাঁড়িয়ে অপেক্ষমান কৃষ্ণচূড়া এদের সকলের সাথে ভীষণ গোপন অসম যুদ্ধ রোজ আট প্রহর চলতে থাকে ।
নতুন আস্তানায় নগরপালকে এত্তেলা পাঠাই আমার মনের একটা স্থায়ী ব্যবস্থার দিকে যেন তিনি একটু নজর রাখেন ।
তবু প্রায়ই ব্যর্থ হয়ে ফিরে যাই পুরোনো ধুলো পরা ছবির ঘরগুলোতেই ,,,
মনে হয় ...রোদ্যাঁর ভাস্কর্য যতটা প্রাণময়, গায়ে হাত দিলে ততটা হিম ঠান্ডা ...তবু কত বাহ্যিক উষ্ণতা তবু কত সতেজ এসব মৃত্যু গুলো ।
চুক্তি ঠিক কি ছিল আজ আর মনে পড়ে না , তবে চাল ডাল , কাঠ ও বারুদ জুটে যেতো ইচ্ছার ছই এর নিচে আর ফুটিয়ে নিতাম উৎসবের ভোগ এর মতোই তৃপ্তি মত।
রাধাচূড়া-কৃষ্ণচূড়ারা সামনের বৈশাখে আবার সাজবে- তার জন্য - ক্যালেন্ডারের তারিখ দেখার প্রয়োজন হবে না আর....
ভরন্ত সবুজ আমার ফেলে আসা শহর আশ্বাসে বেঁচে থাকবে আমায় ছাড়াও ।
যেতে চেয়েছিলাম অনেক দূরে সময়ের সুগন্ধ বুকে নিয়ে ...ভাত কাপড়ের চুক্তি সেখানে অচল হয়ে পড়ে ছিল বড্ড ....নিঃশ্বাসে অবিশ্বাসের মরণ বিষ আর ষড়যন্ত্র বুক পকেটে টিকটিক শব্দ ......চির বিদায় আমার মন্দবাসার শহর ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন