জমাট কালো মেঘের কেন্দ্র বিন্দুতে নিজেকে পাখির পালকের
মত উড়তে দেখছিলাম ।। একই সাথে ভয়ঙ্কর ট্রপিজে দোল খেতে খেতে
শহরের বুকে পুরনো দৃশ্য গুলো দড়ি ছিঁড়ে কোথায় যেন হারিয়ে যাচ্ছে ,
আমি ওপর থেকে দেখছি মানুষেরা নিজেদের শস্যের ওপর হেঁটে হেঁটে গলা বাঁকিয়ে
খুঁটে নিচ্ছে খাবার , এ শহরে একটুকরো ফাঁকা জমিন দেখতে পাই না যেখানে মানুষ
নিজস্ব বলে দাবি করে না ,
সেখানে পাখির পালকের মত প্রকৃতি দু দণ্ড দাঁড়ায় এমন উপায় নেই,
শহরের গলিতে গলিতে তবুও এক একটা গল্পের উপসংহার আজও দাঁড়িয়ে থাকে
অন্ধকার শেষে নিঃশব্দের মধ্যে শব্দ ঢুকে পড়ে,
ঘুম ভাঙা মানুষগুলো গলার শব্দ পাখির ভাষায় বদলে যায় ।
বাঁচার তাগিদে সাইকেলের রিঙে নিজেকে বেঁধে ক্রমাগত ঘুরতে থাকে ,
আজব জিন্দেগি কা গজব কাহানি ... কভি আঁসু কি তরহা কভি পানি কি তরহা
পিনা জরুরী ,
শহরের বৃষ্টি তেমন করে আর মানুষকে ভেজায় না কারন মানুষ কাঁদতে ভুলে গেছে
মেঘ দেখে আর বিস্মৃতি থেকে স্মৃতি জীবিত হয় না ,
আমি মানুষ হতে ভয় পাই তাই জমাট কালো মেঘের কেন্দ্রে নিজেকে যত্ন করে উড়িয়ে
দিয়েছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন