আমার ভাবের ঘরে থৈ থৈ প্রেম এখন,
আজকাল আমার কথারা চুপ হয়ে যায় যখন তখন তোমার বুকের কাছে এসে ।
লাল-হলুদ সুতোর রঙ দেখেই বলে দিতে পারো
আজ আমার মন কতটা আকাশ কিংবা মাটির কাছে ,
আমার খুশির মানতের ভার তোমার বুকে আজকাল ,
কোন গাছের বুকে মানতের
পাথর ঝোলাতে হয় তোমায় না জানলে জানা হত না ।
শিলা থেকে লিপি তুলে রেখেছো তাই ।
লিপি থেকে প্রিয় অক্ষরও গেঁথে নিয়েছো ভালোবাসার কবিতায় ।
এত দিন এই সামান্য যত্নের জন্যই মাথা নুইয়েছি
ভেকধারী আলেয়ার কাছে ।
সকাল হলেই বেরিয়ে পড়েছি বৃষ্টি মাথায় নিয়ে
মাইলের পর মাইল পেরিয়ে ছায়ার সন্ধানে ।
বিকেল হলে ভিজে পালক নিয়ে ঘরে ফিরে এসেছি আবর্জনা মেখে ।
.......শূন্যই ভালো বলেছিল আমার একমাত্র নাকে লাল বল লাগানো প্রেমিক ।
আসলে কে যে কার বুকের ভেতর ছবি আঁকে আর কার ভেতর রান্না করে বুঝবো কি করে ?
এই ফিকির থেকে বেরিয়ে এসেছি তোমার হাত ধরে ,
যা ছুঁয়ে থাকবো তা যদি সোনাই না হল,
এ জীবন কোন গুণিনের পরশপাথর?
বুকের ভিতর তোলপার হয় আসমান এখন
বুকের ভিতর ছাড়খার হয় জমিন খানা
তোমার ভিতর আমি জলে ভাসি প্রিয় .....
আমার ভিতর তুমি শুধুই খাঁটি সোনা ?
দলা হয়ে আসে কান্না আর মান হারানো সব তুমি বদলে দিলে এক নিমেষে ,
আমার মাথার ভিতর ফুক দিতে থাকো রোজ সকাল সাঁঝে ... ,
আমার বাজুর তাবিজে এখন তোমার দোয়া ।
আমার ভাঙাচোরা মনকে ধারন করলে তুমি,,
আমি এখন সব পরব থেকে ফিরে এসেছি তোমার আমার নিজস্ব উৎসবে ।
সমস্ত উৎসবের কুটির এখন ওই বুকের ছাওয়া,
এখন তুমিই আমার একমাত্র উপাসনাগৃহ।
ফেরার পথে পেয়েছি তোমায়
শরীরের ভেতরে তো কোনো ছল থাকেনা।
ছল থাকে মানুষের মনে । চোখে ও কাজলে থাকে মোহ মদিরা ,,
ফিরে এসেছি যে দিন নতুন অভ্যাসে পেয়েছি তোমায় সেদিন ।
তোমার গায়ে কস্তুরী হরিণের গন্ধ।
ধরতে মন চায় শুধু। ঘর পালিয়ে ও বুকের অরণ্যে হারাই রোজ ।
......অক্ষরের সঙ্গে এরচেয়ে বেশি সম্পর্ক আমার নেই।
যা আছে সবটুকু তোমার সাথে তোমার ভেতর ।
সম্পর্ক তো পদ্মপুকুর। আজীবন ডুবে থাকা যায়। আমার কথার ঘরে আশ্চর্যের চিরাগ জ্বলে আমার ব্যথার ঘরে দিওয়ানা হয়ে বসে
থাকো তুমি,.
আমার শেষ চাওয়া তুমি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন