শুক্রবার, ৯ জুলাই, ২০২১

প্রজাপতি আর মেয়ে

প্রজাপতিটা মৃত্যুর কাছাকাছি উড়ে বেড়াচ্ছে 
আগুনের চারপাশে একটা দ্রাঘিমা অঞ্চল
এখন সে বেছে নিয়েছে ,
বেঁচে থাকার যুদ্ধ দেওয়ালে হেঁটে বেড়াচ্ছে সরীসৃপ
হয়ে ...
তাওয়ায় রুটি আর কড়াইয়ে খিদে জ্বলছে ......
কারা যেন কাগজ কলমে এই দৃশ্যগুলো লিখে 
ফেলছে ....হাটে বাজারে বেচবে বলে ।
প্রজাপতির মৃত্যু একদিন ঝুলি ভরা সম্পদ হতে পারে .....প্রজাপতি জানতো না ...
.....দেওয়ালে ওৎ পেতে থাকা বেঁচে থাকার লড়াই টা শুধু জানতো দাবার ছকে জীবন সাজানো থাকে
এক একটা দান ঠিক করে দেয় ঠিক কোথায় কখন মাত দিতে হবে ....তাই উল্টো জিভে কিছু আঠালো
রেখে এমন হাজারো প্রজাপতির খোঁজ একটা নিয়ম হয়ে গেছে এ পৃথিবীতে ।
কড়াইয়ে ফুটে ওঠা খিদে অথচ মেয়েটার প্রতিটা রাত কাটে প্রজাপতির কাছাকাছি মৃত্যু দেখতে দেখতে খিদে লুকিয়ে ।
গত রাতে মেয়েটা তার প্রাক্তন দৃশ্যের সামনে একটা প্রশ্ন রেখেছিল ....
উত্তরহীন ছিল সে দৃশ্য ....যেন সব প্রশ্নের উত্তর জানতে নেই ।
আজ মেয়েটা প্রজাপতি হয়ে মৃত্যুর কাছাকাছি উড়ে বেড়াচ্ছে .....আগুনের চারপাশে একটা দ্রাঘিমা অঞ্চল সে খুঁজে নিয়েছে ......।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন