বৃষ্টি এঁকে দিচ্ছিল নিজের মত সমস্ত সংলাপ ...
মেয়েটা চুপ করে তোমায় জড়িয়ে নিতে দেখেছিল কুমকুম রঙের গোধূলিকে ,
অনেক গুলো গল্প পেরিয়ে মেয়েটা বিশ্বাস করতে চেয়েছিল তোমার অভিশপ্ত ঘরটা সত্যি বড্ড অন্ধকার ।
মাঝে মাঝে দ্রুতগামী আলোর থেকেও কিছু ভাবনা স্পষ্ট আর সত্যি হযে যায় ...
মাঝে মাঝে তোমার প্রমান করা সত্যিগুলো মুখোশ এবং জামা কাপড় খুলে কেমন ল্যাংটো হয়ে দাঁড়ায় চৌরাস্তার মোড়ে ,
মাঝে মাঝে মেয়েটার জিভের খনার বচন ভীষণ রকম খাঁটি সোনা হয়ে যায়।
মাঝে মাঝে এ শহরে সুখের যবতীয় নিস্তার তোমার মত অন্ধকার লিখে রাখে পাতার পর পাতা জুড়ে ।
মাঝে মাঝে নিয়ন বাতির থিতু আলোটার নীচে
আপাদমস্তক অ-সুখ পুষে রাখা কেউ কেউ ঠিক তোমার মত স্বর্গ খুঁজে পায় ।
এ শহর কাব্যে লেখা হয় , এ শহরের বুকে কবি লিখে রাখে কবিতা , এ শহর লেখে ভালোবাসার ও বিচ্ছেদের গল্প , এ শহর হাজারো গল্পের মুখবন্ধ লিখলেও বিষের অনুবাদ করতে পারেনি এখনো ......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন