সোমবার, ৫ জুলাই, ২০২১

ধর্মহীন

এখন আমি সমস্ত মানুষের  ধর্ম থেকে নিজেকে
অনেক দূরে সরিয়ে রেখেছি ,, 
শিকড় থেকে পুরোনো সব মাটি ঝেড়ে 
সব ইচ্ছে বানের জলে ভাসিয়ে দিয়েছি ।
 

বুকের  পুরোনো পাঁজরের বেড়া কাঠগুলো  খুলে ফেলেছি এখন সেখানে কাঠ পেতলের ফ্রেম লাগানো ।
আসা যাওয়ার  রাস্তার দুধারে এখন বেশ কিছু চোরকাটা গাছ পুঁতে রেখেছি ,
আমি নিজেকে সমস্ত ধর্মবিচ্ছুত করেছি ইদানিং ।
এখন আর আমার কোনো ধর্ম নেই 
 কবরের নীচে শুয়ে থাকা দেহে শুধু কিছু নিয়ম লেগে আছে ....যাকে তোমরা বেঁচে থাকা বলে চিনে নাও ,
আর ফলকনামায় সময় লিখে রেখেছে শ্রমন সঞ্চয় ।

ত্রিতাল আঁকা কিছু কিছু ছবি আজও আমার ভেতর থেকে উগরে উঠে আসতে চায়  হঠাৎ হঠাৎ
ধুকপুক থেমে যাওয়া হৃদরোগের মত ।
 অথচ জানো আমার তখন তুমুল নেশায় নিজেকে
ভুলতে ইচ্ছা করে 
ইচ্ছা করে আমার নাম ,ধাম , সমস্ত প্রচ্ছদের ছবি 
একেবারে ধুঁয়ে মুছে সাফ হয়ে যাক ।
 আমি ঠিক এই সময়গুলোতে নিজেকে ধর্ম হীন মনে করি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন