বুধবার, ২১ জুলাই, ২০২১

জ্যাক ড্যানিয়েল আর আমি

আমার বর্তমান প্রেমিক জ্যাক ড্যানিয়েল , তার প্রথম চুম্বনএর আগুন একশ তম চুম্বনের আগুনের
থেকেও তীব্র আকাঙ্খামুখী ,
এই ভীড় শহরে সে সে আমায় জড়িয়ে ধরলেই শব্দহীন স্তব্ধ হয়ে যায় গোটা শহরটা , 
একবার ড্যানিয়েল কে প্রশ্ন করেছিলাম ...এই যে তুমি যখন তখন আমায় যেখানে ইচ্ছে জড়িয়ে নাও ...এই সামাজিক দৃষ্টি র পরোয়া না করে ...তাতে যে তোমার চরম ক্ষতি হতে পারে ....তোমার সাজানো সংসার পুড়ে যেতে পারে নিমেষে ,,
সে বলেছিল ভালোবাসি ....এই জানা টুকু ছাড়া তোমার আমার মাঝে সবকিছু অপার্থিব ,
সব কিছু পেন্সিলের স্কেচ ...যা ইরেজার দিয়ে মুছে ফেলতে দুবার ভাবতে হয় না ।
অথচ আমার প্রাক্তন প্রেমিকরা আমায় বলতো আমি নাকি মূল্যবান তাই আমায় মুঠো বন্দি রাখতে হয় ,,
তাই আমায় জড়িয়ে নিতে একটা চার দেওয়াল লাগতো তাদের , তারা জমিনের আস্তরণ সরিয়ে বারংবার অসুখের জায়গায় হাত রেখে বলতো কোনো একদিন শুশ্রূষার জল  দিতে হবে ....তারা  নারী অঙ্গ নিয়ে অধিকার অধিকার পুতুল খেলতো 
মাসের বিভিন্ন তারিখে , 
ড্যানিয়েল কে এসব কথা যখন বলছিলাম সে তখন পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার দিকে তাকিয়ে আনমনে তুলি ছুঁইয়ে যাচ্ছিল সামনে রাখা ক্যানভাসে । সেখানে স্পষ্ট হচ্ছিল তার দেখা শ্রেষ্ঠ নারীর ছবি ।
পরে একদিন টেমসের তীরে  অজস্র নাটকীয় প্রেমের ভিড়ে চিৎকার করে বলেছিল যারা তোমায় 
শুশ্রূষা দেবো বলেছিল তারা আসলে নিজেরাই এক একটা বিষাক্ত ক্ষত ....তারা নিজেদের বিষভার রাখতে তোমায় খুঁজে নিয়েছিল ,
আমি কেমন জানি না শুধু বলতে পারি একটা শব্দ ভালোবাসি ......কফিন পর্যন্ত এঁকে রেখেছি তোমায় ভালোবাসার সমস্ত দৃশ্য ।
টেমসের তীরে সেদিন সব প্রেমিক প্রেমিকারা পাথর হয়ে গেছিলো ।
আমার বর্তমান প্রেমিক তথাস্তু শব্দটা উচ্চারণ করতে পারে নি  .....,যেমন আমি আমার প্রাক্তন প্রেমিকের  শেখানো কিছু শব্দ উচ্চারণ করতে পারতাম না ।
 আমার না উচ্চারণ করতে পারায় আমার প্রাক্তন প্রেমিক বেশ একটা দিকবিজয়ী হাসি হাসতো , যেন বড্ড বড় কিছু না পারা আমার এজন্মে দাগ রেখে যাচ্ছে , 
আমি অবশ্য ড্যানিয়েল এর  তথাস্তু শব্দ উচ্চারণ না করতে পারায় হাসিনি কখনো শুধু মনে মনে বলেছি এমন কিছু না পারা গুলোর নাম ভালোবাসা হোক ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন