শুকনো পাতার মত শহরের কাব্য ফুরিয়েছে এবার ,
পাখিদের সংসারে এখন পালক পালক গোধূলি
জড়ো হবে ,
বিচ্ছেদের দিনগুলি কখন কবিতা হয়ে অখণ্ডিত লিপির মত তাকিয়ে আছে ....অথচ তারা ফুরিয়েছে বহু আগে ফেলে আসা দিনটার মতোই ,
শহর থেকে দূরে একলা বসন্ত পলাশ কে জাগিয়ে রাখে পথের দু কিনারে
দেহের খাঁচায় বেখেয়ালি প্রেমের বাতাস খেলা করে । প্রেমিক তুমি মন ভোলানো অজস্র বিষাদ কথা কাগজে লিখে রাখো খুব সহজে ,
অথচ আমার প্রতিটা সম্পর্ক টেরাকোটা হতে থাকে সময়ের আগুনে পুড়ে গিয়ে ,
আমি চাকার নীচে মাটি দিয়ে সম্পর্ক গড়ি নিজস্ব ভঙ্গিমায়,
আজ তোমার কাছে জানতে চাই দূরে গেলে কি আর ফিরে আসা যায় না ?
গান্ধার মন দু-চোখ বেঁধে সময়কে ক্যানভাস বন্দী করি প্রতি নির্ঘুম রাতে,
আমাকে যে স্রোতের গান শুনিয়েছিল,
এখনও তার বুকে সাঁতারের দাগ লেগে আছে...
নৌকাজীবন এখন ভালোই লাগে গৃহশূন্য
সংসারের গাছের তলায় আসমান এসে জিরিয়ে নেয় ।
ভালোবাসার ছায়া একবার বুকে জড়িয়ে নিলেই তো পাখিরা জেগে ওঠে...
তবু আমি বাতাসের দিক থেকে আলাদা হাঁটি আজকাল
আগুনের কথা বলে শিশিরের স্মৃতি উস্কে দিই মধ্যমা দিয়ে।
এই ছলনার ঋতু বদল আমাদের সকলের ভেতর কম বেশি চলে ।
একলা প্রবাসে অচেনা মুখেদের মাঝে তোমায় খুঁজে পাই না আর ,
আসলে জীবনের গায়ে তীব্র রং তুমি ....কখনো কোনো ধারা তোমায় মুছতে পারবে না ,আমার শেষ জ্বলন্ত চিতার সাথে এই তীব্র রং একদিন আকাশ মুখী হবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন