বহুদিন হল শুধুমাত্র রাত্রি হয় এই পৃথিবীতে । সকাল, দুপুর কিংবা সন্ধ্যে হয় না! বরফের মত আশ্চর্য ন্যুব্জ প্রতিটা চরিত্রের দৃষ্টি ... ,
বাঘনখ বিছানো অন্তরজলী সাদা মাঠ যাপন ... যার কোনো পচন নেই কখনো ...
ঋতুস্রাবের চিহ্ন শুধু বলে দেয় আর একটা জন্ম হতেই পারতো এই ধরায় ... ,,
জরায়ুমুখে নীল-সবুজ শুঁয়োওঠা ভালোবাসার স্পর্শ খুঁজে যায় অনেকে ,,,, তবু পেরেক কুড়োতে আসা পাললিক হাড় শেষমেশ ভাতের পাতে দিতে হয় সাজিয়ে ...।
পাখিরা বিষ পাত্রে ঠোঁট ডুবিয়ে দহন রোমন্থনে ডুবে থাকে এই পাপ লুকোনো শহরটার ।
কানভাঙা কুকুর ট্রামভর্তি রাজপথে দাম্পত্যর শিলালিপি খোঁজে এই ভাদ্রে ...।।
কে যেন কানের কাছে ফিসফিস করে বলে পালিয়ে যাবে ফুলস্টপের সাথে আমাকে জড়িয়ে নিয়ে ।
দাঁড়ি কমা সেমিকোলন যেন কেউ ...কেউ আর কখনো কষ্ট দিতে না পারে !...
যদিও আমি রূপকথা অথবা কাফকা কাউকেই না পাই....নিজের ভেতর এখন তবুও নিঃশব্দে শব্দ কানে বার্তা পৌঁছে দেয় প্রায়শই।
জানি আমায় আশ্রয় দিয়েছিল যারা যারা
তারা চিহ্নহীন হতেই চেয়েছে বারংবার,
এই গঙ্গার জলে আয়নার মতো
সে সব উত্তরপুরুষদের মৃত্যু দেখেছি বারংবার,,
ভাঙা কাচের ওপারে শহর আমায়
___________ পৌঁছে দিয়েছে অজস্র পুঁজি যত্ন করে,,
আমি কেবল এ-ওর দরজায়
দীর্ঘ শোকের ছায়া লেপে এসেছি হয়তো নানান হ্রস্ব ব্যবধানে।
তবুও ...পারলে তোর নিঃশ্বাস আমার সাথে মিশিয়ে দিস
শ্বাস নিতে যাতে... কষ্ট না হয় আমার।
বাকি সব না হয় দিয়ে দিস ওই গোধূলির রঙে কাছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন