শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

কেউ কিছুই বলেনি

আ‌মি এক প্রতিক্ষায় আমার পুরনো অস্তিনে 
গুঁজে রাখি কিছুটা সময় ,
.....তার সমস্ত লুকোনো না বলা ক্ষতরা এই বুকে আজন্ম পোষা থাকবে ....কেউ জানবে না সেসব পরিচয়হীন ক্ষত দের কথা।

কেউ আমা‌কে ব‌লে‌নি- সেসব গোপন কুটুরীর 
নরম দুঃখ দের... গুটিয়ে রাখা  অস্তিনে রাখতে ,

কেউ বলেনি রাঙা দ্রো‌হের গোলাপ এর ছাই কে আদরের কৌটে যত্ন করতে ...
তবু  তার ঘর্মাক্ত ললাট‌রেখায়  চিরকাল আমি হেঁটে যেতে চাই ,
উডল্যান্ড জুতোর ফিতেতে ক্ষ‌য়িষ্ণু  ভালোবাসা আর বেঁচে থাকার  সংগ্রাম লেগে থাকবে চিরকাল ।
অথবা কাল‌শি‌টে প‌ড়ে যাওয়া জামার বুকে আমার আঙুলের স্পর্শ রা মৃত হলেও ....থেকে যাবে ।

 কখনো  দুঃ‌খের দি‌নে, একসা‌থে বৃ‌ষ্টি‌তে ভি‌জতে চেয়েছিলাম 
মা‌ছে‌দের  র‌ঙিন কান‌কো খু‌লে জন্ম ক্ষতদের একে অপরের বুকে রেখেছিলাম আদ্রতা ।
এক সা‌থে সাঁতার কেটে পার হয়েছি শহরের কাদাজল ,
এক সা‌থে হেঁটেছি জেহাদী মি‌ছি‌লে  ....বুনে ফেলতে অধিকার;
এক সা‌থে জ্ব‌লে উ‌ঠি হো‌মের  আগুনে হলুদ ধাতু হতে চেয়ে ।

সে দিন কেউ নিয়ম বলে  দেয়নি দুটো পাখিকে ...
কতটা আকাশ তাদের বরাদ্দে.... তবু ঠোঁ‌টে গু‌জে রা‌খা ছিল হা‌মেশা কিছু প্রাপ্তি ..
 ও ঠোঁটে জ্বলন্ত  সিগা‌রেট হ‌তে চেয়েছিলাম একজন্ম; 
এক  জন্ম দুঃসাহ‌সের প্রশ্রয়....

আমা‌কে জ্বা‌লি‌য়ে রে‌খেছো তাই  ঠোঁ‌টের ফাঁকে তোমার আজন্ম ধরে।-


কেউ আমা‌কে এসব কিচ্ছু ব‌লে‌নি- তবুও আমার জানলায় দৃশ্যদের শর্ত হীন  যাওয়া আসা

গন্ত‌ব্যে ছু‌টে যাও   ... থে‌মে যেও না কো‌নো কার‌ণে


 আ‌মি  পুরোনো আ‌স্তিনে অপেক্ষা গু‌টি‌য়ে রা‌খবো,,
কাল‌সি‌টে জামার বুকে  লি‌খে রা‌খব আমাদের না পাওয়া সময়ের ফোঁড়.. 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন