গুঁড়ো গুঁড়ো ভাঙা আলো জড়ো করলেই মুঠোয় জোনাকি আসে না ,
ফুল্কির আন্দোলনে কথার আড়াল থেকে বাতাসে
আগুন রেখে দেয় ,
তোমাকে কেবল মুছে যাওয়া বিকেলের ছায়াগুলো
চেনাতে চেয়েছিলাম ,
অথচ আছি আর থাকবো এই কথা দুটোর মাঝে তুমি গোপন ফারাক রেখেছিল বুঝিনি ,
আজও দেখো সময়ের গায়ে একটা পড়ন্ত বিকেলে এই গঙ্গার ঘাটে ফেরি গুলোকে কিছু না কিছু বলার অপেক্ষায় ফুরিয়ে যেতে থাকে ।
ভালোবাসা বেঁচে থাকে করুণায় নয় .....
আমি ভালোবাসা কি বুঝিনি কখোনো ....
ভালোবাসার ছাদে চিরকাল কিছু গোপন ছিদ্র ছিল ..... বিশ্বাসে ছিল কালো কাপড়ে ঢাকা ধারালো অস্ত্র ,
পবিত্রতায় মিশে ছিল পাপ আর বদরক্ত ,
এ শহর এমন অজস্র ঘটনার সাক্ষী চিরকাল
মুছে যাওয়া বিকেল ,হলুদ পাতায় ছেড়ে আসা প্রেমিকের অসহায় চাউনি ,
এখন ডানা হীন সময় আমাদের ,
চিতার রংমসালে পুড়ে গেছে আমাদের একান্ত উজ্জাপন এর যাবতীয় উৎসব ,
তুমি মুঠো খুলে দিতে পেরেছো পুরোনো অভ্যাসে
আমি গিঁট খুলতে পারিনি আমার স্বভাবে ,
জানিনা অভ্যেস কিংবা স্বভাব বদলায় কিনা !
----
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন