রবিবার, ১৯ মে, ২০২৪

দু চার পয়সার ক্ষিদে

দু চার পয়সার ক্ষিদে আমার ,...এই দু চার পয়সার ক্ষিদের জন্য দু চার কোটি ব্যার্থতার সাথে আমি রোজ ঘর করি ,
দু চার পয়সার ক্ষিদে আমার, ... এই দু চার পয়সার ক্ষিদের জন্য তোমার মিথ্যে কথা দেওয়াকে সত্যির মত গুছিয়ে রাখি আলনায় ,
দু চার পয়সার খিদে বলেই ব্যালট বাক্সে অজুহাতের আঙুল রাখি বারংবার ,
দু চার পয়সার ক্ষিদে আমার ...তাই তো তোমার তাসের ঘরে
রাজা রানী সাথে আমি জোকার সাজি  , 
তুমি বলো তাসের নয় এ ঘর নাকি বিশ্বাসের ... হ্যাঁ বছর পাঁচ কাঁচ বয়ামে রাখা প্রতিশ্রুতির আমসত্ত্ব ,
তবুও আমার দু চার পয়সার ক্ষিদের জ্বালা তোমার মিথ্যে গুলো ঝাপসা করে খুব সহজেই ,
দু চার পয়সার ক্ষিদের জ্বালায় আঙুলে আজ নাগরিক আন্দোলন,
দু চার পয়সার ক্ষিদের জন্যে রাষ্ট্র কেমন ভিক্ষে করে ,
দু চার পয়সার ক্ষিদেতো তোমার আমার দল বদল,
দু চার পয়সার ক্ষিদে নয় স্রেফ ... দু চার পয়সার দেশ বিকোয়, সমাজ বিকোয় ,নিয়ম বিকোয় ,বিকোই তুমি আমি ,  বিকোয় ভালোবাসা ,বিকোয়  ঘর জমিন ,বিকোয় ইমান।

©সই(দু চার পয়সার ক্ষিদে )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন