দরজা খুললেই নতুন চরিত্রের সাথে মুখোমুখি
লেনদেন কেনাবেচার ফিরিস্তি ফুরিয়ে গেলেই আরও একটা দরজা খুলে যায় দরজা খুলেই সারি সারি সবুজের দাঁড়িয়ে ,
আমি অবাক হয়ে সবুজের বুকে অন্য রঙ দেখি
মুগ্ধ হই ... অভিমানে বাতাস গাঢ় হয়। ওদের অস্তিত্বের ভূমিকা বুঝেই এক লহমায় বুকে জড়িয়ে নিই সে সবুজ,,
আমার আমিকে প্রশ্ন করি কে সত্যি সবুজ নাকি সবুজের বুকে ফুটে থাকা অন্য রঙ!
দ্বিধার ভেতর হাঁটতে হাঁটতে আরও একটা দরজা
আমার সমুখে... দরজা খুলে একটা প্রশস্ত পথ এক্কেবারে নির্জন,
পথিক ছাড়া পথ আমি কখনো দেখিনি পথিক না থাকলে পথের অস্তিত্ব কোথায় ?
পথ না থাকলে পথিক কোথায় ?
কখন দেখি পথ ফুরিয়ে আরো একটা দরজার সামনে আমি ...দরজা খুলতেই এক সাথে আকাশ আর সমুদ্র সে চরাচর জুড়ে অজস্র ভিড়
আমি এত ভিড়ের কারণ খুঁজে না পেয়ে
একের পর এক কাঁধে হাত রেখে এগিয়ে যেতে গিয়ে দেখি প্রতিটা মুখ আমার মত দেখতে হ্যাঁ অবিকল আমারই মত গড়ন, পোশাক ,অলংকার, অহংকার সব সব আমার মত অবিকল ,
এই প্রথমবার আমি ভয় পাই নিজেকে দেখে
একটা আমির ভেতরে এত্ত ভয় এর আগে কক্ষনো পাইনি ,
আসলে নিজেকে দেখাই হয়নি কখনও
হয়তো ভয় পায় প্রতিটা মানুষ নিজেকে দেখতে ।,
এবার আমি আকাশ আর সমুদ্রের খুব কাছে গিয়ে আমার ভেতরের লেনদেন কেনাবেচার জমা পুঁজি সর্বস্ব দিয়ে নিঃস্ব হলাম এবার ফিরবো
....এবার ফিরবো ভেবেই পেছনে তাকাতেই ...কোথায় দরজা ! কোথায় ভিড়! সামনে তাকাই কোথায় সমুদ্র কোথায় আকাশ ! নেই কোনো দরজা, নেই সবুজ,
নেই কেনাবেচা ,নেই কোথাও কোনো ভিড় ।
ট্রেন এসে শেষের কবিতার শেষ স্টেশনে ...আমি হেসে উঠি ...
কামরা ফাঁকা আমি ও ঝাঁকামুঠে লোকটা একে অপরের দিকে তাকাই দরজা খুলে নেমে পরি
ট্রেনটার কোথাও যাওয়ার নেই আর ।
© সই (দরজা )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন