সোমবার, ২০ মে, ২০২৪

হারিয়ে যাওয়া খুব সহজ

মায়ের কাছে যাবো , গিয়ে বোলবো
কোল পেতে দাও আমায় তুমি ঘুম পেয়েছে আমার
আঁচল দিয়ে আমার শরীর দাও ঢেকে দাও যাতে
ওরা আমায় দেখতে না পায় ,
 ওদের থেকে পালাতে পালাতে দৌড়তে দৌড়তে
আমি বহুদিন ঘুমোতে পারিনি অযুত বছরের ঘুম
আমাকে জড়িয়েছে শেকড়ে শেকড়ে ,
ওরা আমার জেগে থাকা কিংবা স্বপ্ন উৎসব কিংবা
শ্বশান সব জায়গায় তাড়া করে বেড়ায় খেতে দেয় না
ঘুমোতে দেয় না  এক মুহুর্ত স্বস্তি দেয় না দেয় না মুক্তি, 

এবার মায়ের কাছে যাবো বোলবো
কোল পেতে লুকিয়ে রাখো মা ....
ওদের থেকে লুকিয়ে রাখো ,
 আমার পা, হাত ,শরীর থেকে রক্ত ঝরছে কালশিটে পরে গেছে দেহ মনের পরতে শরীরের মাংস খসে পড়ছে ,
চোখ খুবলে বেরিয়ে আসছে  ,হাড়ের ভেতর ঘুন পোকার কান ঝালাপালা করা চিৎকার ,মাথার নিউরন স্ফুলিঙ্গ থেমে গেছে ...
আমায় কোল পেলে শুতে দাও বোলবো ...মায়ের কাছে যাবো ....মায়ের কাছে যাবো ... মায়ের কাছে
....ঘড়ির আলার্মে চারটে বাজতে দশ আর একটা সকাল ব্যস্ততা বৃষ্টি ছাতা টিফিন বক্স ,ক্যাব ,অফিস
....হারিয়ে যাওয়া খুব সহজ  শুধু একটা ভিড় দরকার ভেতরে কিংবা বাইরে।

©সই (হারিয়ে যাওয়া খুব সহজ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন