শনিবার, ১১ মে, ২০২৪

আশ্চর্য আবিষ্কার

প্রতিদিন যে তুমিকে  দেখি,
 সে তুমি বারবার   বদলে যাও।
ফলে একই তুমি হয়েও এক আশ্চর্য  আবিষ্কারে
 তোমার দিকে চেয়ে থাকি ।

ভেসে বেড়ানো মেঘদের মত এক বুক আশ্রয় খুঁজতে
খুঁজতে ....তুমি রোজ নতুন শরনার্থীর মতো দেখতে লাগো,


ধরো, তুমি আকাশ পেলে একটা ,
কিংবা ধরো তুমি একটা ঘর পেলে
কি করবে   ভেবেছো?

কিংবা  সংলাপ পাল্টে ফেলে  যদি বলি
আমি মেঘের মত আকাশ খুঁজছি শরণার্থী হয়ে
তুমি কি আমায় নতুন করে আমারই মত আবিষ্কার করতে?

উত্তর গুলো হয়তো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে এই পৃথিবীর কোন এক কোণে।
সময় এখন বয়স্ক হয়েছে ...
ছোটখাটো এইসব খুঁটিনাটি বিষয় নিয়ে ভাবার 
সময় হয়তো আর নেই 

ছাদবিহীন ঘরে বেশি দিন থাকা যায় না সবাই জানি। 
স্বপ্নের ছাদ না হয়  নাইবা হলো  নাইবা হলো ঝকঝকে  
কাঁচ দেয়াল রূপকথার মতো গোছানো জীবন্ত বসবাস।
তবু তো কোথাও রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে
 আশ্চর্য আবিষ্কার একটা গোটা জীবন রইলো।

 আমাদের মন দেওয়ালে বোবা কান্না গুলো শান্ত ছবির মত
পরস্পরকে দেখতে থাকে .... নিখুঁত একটা উত্তর জানতে চায়
আলুথালু ভাঙ্গা সংসারটার বাসনগুলোর দিকে তাকিয়ে,
কাঁচ দেওয়ালের বারান্দা ,ছবির ক্যানভাস ,কবিতার খাতা 
সব কেমন মেঘেদের মত পরিযায়ী,  কেউ কাউকে বিশ্বাস করে স্থিতু হতে পারলাম কই ?


©সই (আশ্চর্য আবিষ্কার)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন