শান্ত গতিতে আলো নিভছে
নিজের স্রোত এখন অন্তর্মুখী,
দিনটার পাশে চুপটি করে
বসে থাকি সময়ের বাতাসে নির্বাণের বার্তা ,
সব সফরের শেষে তোমার কাছে ফেরা নিশ্চিৎ
তোমার ধ্যানস্থ মূর্তির সামনে আমার দস্যু জীবনে
কাহিনী বিছিয়ে দিতে পারলে আলো ফিরে পাবো জানি ,
রোজকার নাগরিক বেচেঁ থাকায় তোমার মত করে কেউ
সাথে থাকতে পারে কই ?
সবাই তো ট্রাফিকে দাঁড়ানো সম্পর্ক আলো সবুজ হলেই অচেনা।
মোহের আড়ালে তোমায় সে ভাবে দেখা যায় না
সরু ক্ষীন সিঁড়ি বেয়ে নামতে নামতে একদিন নিজের ভেতর
একটা অন্তরমহলের খোঁজ পাওয়া যায়
নিজের আকাশে তখন নিজস্ব পূর্ণিমা ,
সে আলো তোমার সে তোমাতে আমি নির্বাণ আলোকময়।
আজ এই বৃষ্টি এই পাহাড় গড়িয়ে স্রোত
ক্রমশঃ আমাকে আমার ভেতর তোমার পথ বলে দিচ্ছে
দূর হচ্ছে স্মৃতি কবরের লেখা অতীতের বয়ান
তোমার সামনে নিজেকে বিছিয়ে দেওয়াই যে এবার আমার গন্তব্য।
সত্যি বাইরের আলো এবার নিভে আসছে
এ অন্ধত্বে আমার দেহ মন চুপ করে বশ্যতা স্বীকার করছে।
ডুবতে চাইছে পূর্ণতায়।
© সই (নির্বাণ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন