আমার মুখ লুকোনো বা শান্তি খোঁজার কোন সংবিধান কোনোকালেই ছিল না ,
উত্তরের জানলা ঘেঁষে দিন প্রতিদিন চলে যায়
কত না পথিক .....তবুও আমায় নির্জনতার অক্ষর
কেবল বারংবার ছুঁয়ে যায়,
নিন্দুকেরা বলে আমি গোমড়া মুখো আমি একলা থাকতে ভালোবাসি ,
ওরা জানে কি না জানি না আমার শালের গায়ে একলা নকশা টা প্রিয় সাধন সঙ্গী ,
আমার উঠোনে ধানের গোলা আমার প্রিয় সাধন সঙ্গী ,
.......আমি তাই কখনও ভিনদেশী কম্পাস কিনে গতি পথ নির্ণয় করিনি , শুধু সন্ধ্যে বেলা
ফিরতি লোকাল ট্রেনে অন্ধ গায়কটা কে এক জন্ম প্রেমিক হিসেবে পেতে বড় সাধ হয় ,
আর একবার অজয়ের আখড়ায় এক ধুলো মাখা ভিখারী সন্ন্যাসীর সাধন সঙ্গিনী হতে চেয়েছিলাম ,
কিছু নিন্দুকেরা তখন রে রে করে আমায় এক ঘরে করে ছিল .... তারপর আর কখনো শান্তির সংবিধান খুঁজিনা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন