শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১

সংক্রান্তি কথা

ছিঁড়ে ফেলেছি সমস্ত জন্মমূল ,
সংক্রান্তির ঘ্রাণের সাথে নদীতে ভাসিয়ে দিয়েছি
আজন্মের দায়বদ্ধতা , নব জন্ম হচ্ছে আমার পিঠোপিঠি চরিত্রের ,  দেহের ওপর যে গাছগুলো 
এতদিন মাটি আঁকড়ে জমি আগলে ছিল একে একে তাঁদের  বিষণ্ণ সন্ধ্যে আসার আগেই পুড়িয়ে দিচ্ছি , 
আখড়া বদল করতে হয় সময়ে সময়ে কারন জীবনে দ্বিতীয় পর্ব বলে কিছুই হয় না .....মুহুর্ত জন্মের পরেই মরে যায় ... আলোর সঙ্গমে অন্ধকারের জন্ম , আবার অন্ধকারের সঙ্গমে আলো , 
অথচ এই সম্ভোগ চিরকাল খোলা চোখে দেখা নিষিদ্ধ , 
যেখানে প্রকৃত আড়াল রাখেনি নিয়ম এর শেকল বাঁধেনি সেখানে  অহংকারী মানুষ  ঈশ্বর হতে ভালোবাসে ,  নিজেকে দুনিয়ার দারির দাঁড়িপাল্লা ওজনদার প্রমান করতে ভালোবাসে ,,
সারাটা রাত যখন অজয় নদী আর আমি এসব কথোপকথন নিয়ে মুখোমুখি বসি  আমার সমস্ত জন্মমূল ছিঁড়ে যায় আপনা আপনি .....দেহের ভেতর দোতারার ছিলায় সুর লাগে পায়ের বেজে ওঠে অদৃশ্য ঘুঙুরে ঝাঁক ..... শরীর জুড়ে তখন  শুধুমাত্র সংক্রান্তি  ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন