বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১

নোটে গাছটি মুড়োলো

আজকাল কথা বলতে গেলে কেন যেন  সমস্ত সেলাই এসে জড়ো হয় ঠোঁটে ,
 অন্দর মহলে ছাইয়ের পাহাড় জমে  জমে.... বুকের নীচে ভেজা কবর শ্যাওলা আর বৃষ্টির আওয়াজ ওপাশের কোনো কথা স্পষ্ট শুনতে দেয় না  , এসব ঘটনা আসলে চুক্তি সই করার আগে দু মুহূর্ত না ভাবার ফলাফল ,
কোনো এজলাসি আদালত নেই তাই নালিশ ঠুকি শব্দের কাছে ..... কৌতুক এর কথা হল...  আমার লেখা নিঃশব্দ ও ধীরে আমাকেই হত্যা করে  চাণক্যর অপ্রকাশিত নীতি মেনে।

জানতো সুজন অস্থির তৃণর গায়ে কোনো সুন্দর পতঙ্গ বসে না  অথচ দেখো আমার ভেতর উড়ন্ত শব্দের চিরকুট , খুচরো কিছু বিসর্জনের খই ,
এসব পতঙ্গের মতোই ...... সবাই দেখতে পায় না যে শহরে শীত পড়লেই সকলে রোদ্দুরে পিঠ রেখে রান্না ঘরে শোক রাঁধে ।
অনেক জোরাজোরি পর মুঠো এবার আলগা হলে 
ব্যথার শেষ ট্রেন ষ্টেশন ছাড়তে সময় করে বাধ্য ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন