শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১

বরফের পৃথিবীতে

অক্ষরপুঞ্জের  বাইরে অনেকখানি বরফ পড়ে আছে। অথচ   ত্রিশঙ্কুর চূড়ায়, মেয়েটা এক দাঁড়িয়ে ভিজছে  শব্দ বরফ বৃষ্টির মধ্যে , যেখানে সে খুঁজছে খুব জরুরি   কিছু অন্তর দহনের কথপোকথন ।  
শহরের  রাস্তায় দেখা যাচ্ছে  সভ্যতার আলতায় রঙিন প্রতিচ্ছবি। ওফরার হাইলাইটারের চকমকি প্রেম ....,
 মেয়েটি  কিন্তু অনবরত  ভিজছে  ঝিরঝিরে  বরফে বৃষ্টির মধ্যে, তার কাছে ছাতা নেই। ছাতা আছে যে-ছেলেটির কাছে, সে  গাছের কোটরে  ঘুমিয়ে আছে এক লক্ষ সভ্যতা ধরে । 

 ....উত্তরের বারান্দায়  আজকাল বেশ কিছু তারা খসার দেহ ভেঙে পরে থাকে বড় অবহেলায় , নেমে আসছে  প্রবাদ  রূপকথা ,  উঠে আসছে ব্যস্ততা  । 
এরই মাঝখানে ,  শব্দ জব্দের জালে   দুজনের দেখা হয়ে যায় কথায় কথায় । কিন্তু এর বাইরে, দুই শহরের মাঝে অনেকখানি বরফ পড়ে আছে।
 মেয়েটা  নির্বোধ , হাতে বেলচার বদলে কলম নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে ত্রিশঙ্কুর চূড়ায় । সমস্ত স্মৃতি, ঢেকে গেছে বর্ন হীন অতীতের গুঁড়োয়, 
  এমনকী একটিও  শব্দের ভেতরে   মেয়েটার  কোনও পৃথিবী  নেই আর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন