সোমবার, ৫ এপ্রিল, ২০২১

সাদা ও কালো ঈশ্বর

তুমি বললে ঈশ্বর দুই... সাদা আর কালো ,
আমি বললাম আমার ঈশ্বর এক তার কোনো রং নেই সে সময়ের রঙে সেজে ওঠে।
তুমি বললে যক্ষ হয়ে রয়েছি তোর বেঁচে থাকার গত ....আজ ....ও আগামীতে ,
আমি বললাম আমার কোনো গত কাল ছিল না... নেই কোনো আগামী ....আমি চলমান মুহুর্তে বেঁচে।
তুমি বললে তোর নির্ঘুম রাত ,দুঃখ, শোকের মাহতাব আমি ,
আমি বললাম আমার ভেতর আমিই আমার একনিষ্ঠ  পড়শী ।
তুমি বললে তোর জীবনের দেনার মরসুমি  প্রশ্নও  আমি .... উত্তরও আমি... উঠোন জোড়া বিশাল অংকের সমাধানও আমি ,
আমি বললাম আমার কখনো কোনো ধারাপাত শেখা  হয়নি ।
তুমি বললে তুই ধ্যানস্থ হয়ে প্রস্তুত হচ্ছিস ধ্বংস এবং উত্থান আলো আর অন্ধকার দুই এর জন্যই ,
আমি বললাম আমি নিঃশর্ত সময়ের মাঝে রাস্তা হাঁটছি কেবল ।
তুমি বললে এই পৃথিবীতে একমাত্র আমিই পারি তোকে হত্যা করতে ,
আমি বললাম আমি ভীষ্মর মত শরশয্যায় শুয়ে আছি .....ইচ্ছামৃত্যু আমার অহংকার ।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন