আমার ভিটে মাটিতে এখন ঘুঘু চরে, তারা খুঁটে খুঁটে আমার পৈতৃকতায় অভিশাপ গুঁজে দেয় ।
আমার কবরে শুকনো রক্ত চেটে নেয় নিশুতি সঙ্গিনী শেয়ালের দল ,
আমি এই গোরের ভিতর অপেক্ষায় আছি সেই রাতের.... যখন শেয়াল গুলো শুকনো রক্ত চাটতে চাটতে আমার খুলি ছুঁয়ে ...ঝটকা টানে আলাদা
করে দেবে দেহ থেকে আর উল্লাসে হুক্কা হুয়া করে উঠবে ,
আমি সেদিন আমাকে বার বার সেলাই করতে বাধ্য করা মানুষগুলোর ফলক নামা গুলো চিনিয়ে দিতে চাই ওদের ।
আমি রাত পাখির ডানায় সেদিন ওই ঘুঘুদের জন্য আরো কিছু ভিটে মাটির ঠিকানার চিরকুট বেঁধে দিতে চাই ।
আমি কবরের ভেতর থেকে ঘুঘুর ঠুকরে খাওয়া ঠোঁটের শব্দ শুনতে শুনতে এক অবিনশ্বর প্রতীক্ষা বুনতে থাকি ,
রাত সঙ্গিনী শেয়ালের জিভের আওয়াজ আমাকে রাত গুলো জাগিয়ে রাখতে সাহায্য করে একটা
সত্যিকারের সকালের জন্য ।
আমার ভিটে মাটিতে এখন ঘুঘু চরে, তারা খুঁটে খুঁটে আমার পৈতৃকতায় অভিশাপ গুঁজে দেয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন