আয়না ভেঙে গেলে শুধু কাঁচ ছাড়া কিছু নয় ...
আর সেই কাঁচ পিঠে ঢুকিয়ে 'প্রিয়' শব্দগুলো
নিষ্ঠার প্রতিশোধ নিচ্ছে ,
অথচ সামনে ধারালো অস্ত্র নিয়ে দাঁড়ালে একটিও প্রশ্ন না করে নিজের কলজে রাখা যেত ,
যে উপন্যাস লিখতে দশ বছর লেগেছিল ...
দশ মাস কেন ...দশ সেকেন্ড যথেষ্ট নিমতলা ঘাট ছাড়াই পুড়িয়ে দিতে ,
অথচ 'প্রিয়' শব্দ গুলোকে আমি কবর দেবো না ,
বুটের নীচে পিষে ফেলতে আমাকে ভাবায় আমার
মানুষ জন্ম ,
অপেক্ষা একটা মামুলি শব্দ যেখানে ইচ্ছা বসিয়ে প্রহসন করা যায় কথাদের ,
কখনও কখনও গোপন মুহূর্ত গুলোয় 'প্রিয়' শব্দজব্দের কাছে নগ্ন হয়ে যায় যেখানে সেখানে ,
কখনো কখনো নিজস্ব গোপন দুর্বলতা গুলো বেআব্রু হয়ে যায় কালের মারে ।
আমি বুদ্ধিজীবী নই, কবি নই, আমি সাহিত্য বুঝি কম ...আমি তথাস্তু বলিনি জীবনভর কাউকে ,আমি দেশ কাল সময় রাষ্ট্র কিচ্ছু .....কিচ্ছু বুঝি না তেমন গভীর ভাবে ।
মাথার ঘাম পায়ে ফেলে শুধু আমার পরিধির অভাব দূর করার চেষ্টা করি
শুধু মানুষ হিসেবে গাছ বুঝি, ছায়া বুঝি বুঝি বিশ্বাস শব্দটা নিতান্ত যত্ন বুঝি ,
আমি নারী বা পুরুষ কে বিশ্লেষণ করতে পারি না, পারি না কাউকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করিয়ে দোষারোপ করতে সময়ের নিরিখে।
বরং বারংবার নিজের আয়না মুছে নিজের দাগ গুলোকে স্পষ্ট দেখতে চেয়েছি ,
আজ যখন সময়ের চোরা আঘাত আমার কাঠামো টা ক্রুস কাঠে ঝুলিয়ে আনন্দে উদযাপন করতে চায়।
আমি সময়কে বলি ক্ষমা করে দিও ওদের ...
ওদের ভালো হোক শেষমেশ .......।
...........(সুবর্ণা 'প্রিয় 'ঘাতক অস্ত্র)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন